বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ত্র বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র, ক্রয়ে কাতার-


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৬

পূর্বাশা ডেস্ক: ২০১৫ সালে বিশ্বে অস্ত্র বিক্রির পরিমাণ কমলেও অস্ত্র বিক্রিতে শীর্ষ দেশ হিসেবে নিজস্ব বাজার ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। বিশ্বে বিক্রিত অস্ত্রের অর্ধেকই যোগান দিয়েছে দেশটি। মার্কিন কংগ্রেসের ‘কনভেনশনাল আর্মস ট্রান্সফার টু ডেভেলপিং নেশনস ২০০৮-১৫’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে সারা বিশ্বে ৮ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি হয়েছে যার মধ্যে ৪ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। অর্থাৎ ২০১৫ সালে মোট বিক্রিত অস্ত্রের অর্ধেকই সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০১৪ সালে অস্ত্র বিক্রি হয়েছিল ৮ হাজার ৯০০ কোটি ডলারের। সেই হিসেবে বছরের ব্যবধানে অস্ত্রের বিক্রি কমেছে ৯০০ কোটি ডলার।

অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ফ্রান্স। দেশটি ২০১৫ সালে এ খাত থেকে আয় করেছে ১ হাজার ৫০০ কোটি ডলার। যা ২০১৪ সালের তুলনায় ৯০০ কোটি ডলার বেশি। তালিকার পরের স্থানে যথাক্রমে রয়েছে রাশিয়া, চীন, সুইডেন, ইতালি, জার্মানি, তুরস্ক, যুক্তরাজ্য এবং ইসরাইল।

তবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের অস্ত্র বিক্রির পরিমাণ বাড়লেও কমেছে রাশিয়ার। ২০১৫ সালে রাশিয়ার অস্ত্র বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ১০০ কোটি ডলার। যা গত বছরের তুলনায় ১০০ কোটি ডলার কম। রাশিয়ার উল্টো চিত্র দেখা গেছে চীনের বাজারে। দেশটি ২০১৫ সালে ৬০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

এদিকে ২০১৫ সালে অস্ত্র ক্রেতাদের মধ্যে শীর্ষে ছিল কাতার, মিসর, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। সর্বোচ্চ ১ হাজার ৭০০ কোটি ডলারের অস্ত্র কিনেছে কাতার। আর মিসরের ব্যয় ১ হাজার ২০০ কোটি ডলার এবং সৌদি আরব সরকার ব্যয় করেছে ৮০০ কোটি ডলার ।

প্রতিবেদনে বলা হয়েছে, বরাবরের মতই অস্ত্র উৎপাদনে আধিপত্য বজায় রেখেছে ন্যাটো জোটের দেশগুলো। এর মধ্যে জার্মানি উন্নত নৌ সরঞ্জাম আর যুক্তরাজ্য অত্যাধুনিক যুদ্ধবিমানের উৎপাদন বাড়িয়ে উন্নয়নশীল দেশগুলোতে বাজারজাত করছে। আর অস্ত্র কেনার ক্ষেত্রে যথারীতি এগিয়ে আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।

এদিকে ২০১৫ সালে অস্ত্র বিক্রির পরিমাণ কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে বৈশ্বিক অর্থনীতির দুর্বল অবস্থাকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে।

এছাড়া সিরিয়া, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংঘাত চলমান থাকায় ও জাপানের প্রতিরক্ষা বাজেটে অধিক অর্থ বরাদ্দ দেওয়ায় ২০১৬ সালে বিশ্বব্যাপী অস্ত্র বিক্রির পরিমাণ বৃদ্ধি পাবে বলে আশা করা হয় প্রতিবেদনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি