শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কালো পতাকা মিছিল করবে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৬

270642_1
পূর্বাশা ডেস্ক:

দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ৫ জানুয়ারিকে দুই বছর ধরে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় এবারো দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

একতরফা নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিল ও ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য দেয়ার কথা রয়েছে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ এক নেতা জানান, দিবসটি ঘিরে এবার হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়ার পরিকল্পনা না থাকলেও মূল সমাবেশে ঢাকায় বড় জমায়েতের কথা ভাবা হচ্ছে। তবে মূল সমাবেশ করা হবে ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে। আর ওই সমাবেশে বক্তব্য রাখবেন খালেদা জিয়া। এছাড়া ঢাকার বাইরেও একাধিক বড় জমায়েতের কথা ভাবা হচ্ছে। বিভাগীয় পর্যায়ে এসব কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। এর আগে সাংগঠনিক যে দুর্বলতা আছে, তা কাটিয়ে উঠতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে ৫ জানুয়ারি উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করে বলেন, গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়া সারা দেশে কালো পতাকা মিছিল, মুখে কালো কাপড় পরিধান ও বুকে ব্যাজ ধারণ কর্মসূচিও পালন করা হবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচন রুখতে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর থেকে বিএনপির সহিংস কর্মসূচি পালনের মধ্যেই নির্বাচন সম্পন্ন হয়। এরপর প্রায় মাসজুড়ে বিএনপি কঠোর কর্মসূচি পালন করে। পরে কর্মসূচিতে বিরতি দিয়ে বিএনপি সরকারকে প্রায় এক বছর সময় দেয়। কিন্তু ২০১৫ সালের এই দিনকে ঘিরে সমাবেশ করতে বাধা পেয়ে বিএনপি লাগাতার অবরোধের ডাক দেয়। তিন মাসের অবরোধ-হরতাল চলাকালে যানবাহনে পেট্রলবোমা হামলায় বহু মানুষ হতাহত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি