মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রেকর্ড গড়ে টেস্টে অস্ট্রেলিয়ার জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৬

6d088ef682dc6f772674713bdc2f52ed-starc

স্পোর্টস ডেস্কঃ

চতুর্থ দিন শেষে দুই দলের প্রথম ইনিংসও শেষ হয়নি। মেলবোর্ন টেস্ট পঞ্চম দিনে এসে ফল দেখবে, এমন আশা কেউ করেছিলেন? অনেকে তো বলছিলেন, কোনো দল অবিশ্বাস্যভাবে ইনিংস ঘোষণা না করলে এই টেস্টে ড্র-ই হতে যাচ্ছে নিয়তি।

অস্ট্রেলিয়া অত ঝামেলার মধ্যেই গেল না। হিসেবটাকে আরও সহজ করে দিল, এমন বোলিংই আজ পঞ্চম দিনে করেছেন স্টার্ক-লায়নরা, অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসটা আর খেলতেই হলো না। পাকিস্তানকে ইনিংস ও ১৮ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্টিভ স্মিথের দল। এ সিরিজে দুটি নিয়ে টানা পাঁচটি টেস্ট হারল পাকিস্তান। টানা টেস্ট হারের রেকর্ডে যা দলটির যৌথ-সর্বোচ্চ। এর আগে ১৯৯৯-০০ মৌসুমেও টানা পাঁচ টেস্টে হেরেছে পাকিস্তান।

মিসবাহরা হেরে গড়েছেন রেকর্ড, স্মিথরা রেকর্ড গড়েছেন জয়ের আগে। মেলবোর্নে এক ইনিংসে সর্বোচ্চ রানের ৮০ বছর পুরোনো রেকর্ডটা ভেঙে দিয়েছেন। ৬ উইকেটে ৪৬৫ রান নিয়ে আজ দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া, নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ৮ উইকেটে ৬২৪ রান নিয়ে। মেলবোর্নে এক ইনিংসে এর চেয়ে বেশি রান আর নেই। পেছনে পড়ে গেছে ১৯৩৬/৩৭ অ্যাশেজে অস্ট্রেলিয়ারই গড়া ৬০৪ রানের রেকর্ড।

তাতে অবদানটা স্মিথেরই বেশি, পাশাপাশি মিচেল স্টার্কেরও। অস্ট্রেলিয়া অধিনায়ক কাল সেঞ্চুরি পূর্ণ করার ঠিক পরেই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। আজ ১০০ থেকেই শুরু করে ইনিংসটাকে স্মিথ টেনে নিয়ে গেছেন ১৬৫ পর্যন্ত। শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। ব্যাটিংয়ে তাঁকে অবিশ্বাস্যরকম সংগত দিয়েছেন স্টার্ক। আটে নেমে ৯১ বলে করেছেন ৮৪ রান, যাতে চার ৩টি, ছক্কা ৭টি। কে বলবে, স্টার্ক শুধু বল হাতেই ঝড় তুলতে পারেন! বল হাতের ঝড়ও অবশ্য দেখিয়েছেন পাকিস্তান ইনিংসের শুরু ও শেষে, নিয়েছেন চার উইকেট।

প্রথম ইনিংসে নিজেদের ৪৪৩ রানের জবাবে অস্ট্রেলিয়ার ৬২৪—ইনিংস হার এড়াতেই ১৮১ রান করতে হতো পাকিস্তানকে। আরও সহজ একটা রাস্তা তো খোলাই ছিল, দিনটা কোনোমতে পার করে দিয়ে ম্যাচ ড্র করা। কিন্তু স্টার্ক-লায়নরা তা করতে দিলে তো। শুরুটা করেছেন স্টার্ক ও হ্যাজলউড। পাঁচ ওভারের মধ্যে ৬ রানেই পাকিস্তানের ওপেনার সামি আসলাম ও তিনে নামা বাবর আজমকে ফিরিয়ে দেন। এরপর মিডল অর্ডারকে ‘দেখে নেওয়ার’ দায়িত্বটা নেন নাথান লায়ন। তৃতীয় উইকেটে ওপেনার আজহার আলীর সঙ্গে ইউনিস খানের ৫৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর আশা দেখছিল পাকিস্তান, সেই জুটি ভেঙেই নিজের কাজ শুরু করেন লায়ন। শেষ পর্যন্ত ১৪ ওভার বল করে তিন উইকেট নিয়েছেন এই অফস্পিনার। তিন ব্যাটসম্যানের নাম—ইউনিস খান (রান করেছেন ২৪), মিসবাহ-উল হক (০ রান) ও আসাদ শফিক (১৬ রান)।

লায়নের ঘূর্ণিতে ৮৯ রানেই ৫ উইকেট হারায় পাকিস্তান। তখনো অবশ্য ক্রিজে ছিলেন ওপেনার আজহার আলী। কিন্তু দলের রান সেঞ্চুরি পার হতেই ব্যক্তিগত ৪৩ রানে আউট হয়ে যান হ্যাজলউডের বলে। পাকিস্তানের বাকি ব্যাটসম্যানদের আউট করার দায়িত্বটা সেরেছেন স্টার্ক ও বার্ড। এই দুইয়ের দাপটের মধ্যে ছয়ে নামা সরফরাজ আহমেদই যা একটু রান করেছেন। তবে তিনিও আজহারের মতো ৪৩ করেই আউট হয়ে গেছেন।

দুটি চল্লিশের ঘরের ইনিংস, ইউনিস খানের ২৪, আর তিন ব্যাটসম্যানের কোনোমতে দুই অঙ্ক ছোঁয়া—এমন ব্যাটিংয়ের পর পাকিস্তানের ইনিংস পরাজয় ঠেকানো আসলে কঠিনই ছিল। পাশাপাশি স্টার্ক-লায়নরাও মোটেই কাজটা সহজ করার মুডে ছিলেন না। সূত্র: স্টার স্পোর্টস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি