মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মারা গেলেন পাকিস্তানের প্রবীণ টেস্ট ক্রিকেটার ইমতিয়াজ


মারা গেলেন পাকিস্তানের প্রবীণ টেস্ট ক্রিকেটার ইমতিয়াজ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৬

270937_1

ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইমতিয়াজ আহমেদ মারা গেছেন। ৮৯তম জন্মবার্ষিকী পালনের ৫ দিন আগে না ফেরার দেশে চলে গেলেন তিনি। শনিবার দেশটির সবচেয়ে বেশি বয়সী জীবিত ক্রিকেটারের মৃত্যু হয় বুকের সংক্রমণে।

১৯৫২ থেকে ১৯৬২ সাল পর্যন্ত পাকিস্তানের জন্য ৪১ টেস্ট খেলেন ইমতিয়াজ। ক্যারিয়ারের শেষবেলায় এসে চারটি ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি। ২৯ গড়ে তার সর্বমোট রান ২৯৭৯। উইকেটের পেছনে ৭৭টি ক্যাচ নেওয়ার সঙ্গে ১৬টি স্ট্যাম্পিং করেছেন তিনি। ইমতিয়াজের ক্যারিয়ার সেরা পারফরম্যান্স ছিল ১৯৫৫ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে ২০৯ রান।

আবদুল হাফিজ কারদারের নেতৃত্বে পাকিস্তানের প্রথম আনুষ্ঠানিক টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ইমতিয়াজ। ভারতের বিপক্ষে ওই টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচে ব্যাটসম্যান হলেও চতুর্থ ম্যাচে হানিফ মোহাম্মদের কাছ থেকে গ্লাভস বুঝে নেন তিনি। এরপর থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারে উইকেটের পেছনেই ছিলেন তিনি।

খেলাকে বিদায় জানানোর পর ইমতিয়াজ ১৩ বছর ধরে পাকিস্তানের নির্বাচক ছিলেন এবং ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত নির্বাচক কমিটির প্রধান ছিলেন। তারপর কোচিংয়ের দায়িত্ব নেন এবং প্রায় এক দশক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের অগ্রগতিতে ভূমিকা রাখেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি