৩১ ডিসেম্বর সন্ধ্যায় অফিসে থার্টি ফার্স্ট নিয়ে ব্যস্ততা ছিল। ঢাকার কোথায় কী আয়োজন, পুলিশের কঠোর প্রস্তুতি, কোত্থেকে লাইভ হবে, ইত্যাদি নিয়ে নিউজরুমে হুলস্থুল। রিপোর্টাররা ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে গেছে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়, আরেকজন গুলশান-বনানী। এমন সময় ডেস্ক থেকে বাশার জানতে চাইালো, গাইবান্ধা-১ আসনের সাংসদ গুলিবিদ্ধ, এটা ব্রেকিং দেবে কিনা। আমি বললাম, অবশ্যই। তারপর জানতে চাইলাম, গাইবান্ধা-১ আসনের সাংসদ কে? বাশার জানালেন, মঞ্জুরুল ইসলাম লিটন। শিশু সৌরভকে গুলি করে আলোচিত সেই সাংসদ।
ব্রেকিং দিলেও আমি প্রথমে বিষয়টি সিরিয়াসলি নেইনি। কারণ কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন, তা তখনও জানা যায়নি। ভুলে গিয়ে ব্যস্ত ছিলাম থার্টি ফার্স্ট নিয়েই। একটু পর বাশার আবার জানালো, এখনও নিশ্চিত নয়, তবে সম্ভবত সাংসদ মারা গেছেন। তখন চমকে গেলাম। মারা যাওয়ার ধরন শুনে তো ভয় পেয়ে গেলাম। মোটর সাইকেলে করে তিন যুবক এসেছিল। একজন মোটর সাইকেল স্টার্ট দিয়ে অপেক্ষা করছিল। বাকি দুজন সাংসদের বাসার ড্রইংরুমে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করে। পরে সাংসদের শরীরে ৫টি গুলির আঘাত পাওয়া গেছে। তারমানে ঘাতকরা সাংসদের মৃত্যু নিশ্চিত করেই ফিরে গেছে। গুলিবিদ্ধ সাংসদকে দ্রুত রংপুর মেডিকেলে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
সরকারি দলের একজন সাংসদ নিজের বাসায় খুন হয়ে যান। এটা সত্যিই আতঙ্কের। সাংসদ লিটনকে কারা মেরেছে, কেন মেরেছে; এটা তদন্তে প্রমাণিত হবে। তবে এটা সবারই জানা, গাইবান্ধা জামায়াতের আখড়া। দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলার রায়ের পর তাকে চাঁদে দেখা গেছে, এই গুজবে গাইবান্ধায় তাণ্ডব করেছে জামায়াত-শিবির। গাইবান্ধাকে তখন বাংলাদেশ থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। পুলিশকে পিটিয়ে মারা থেকে শুরু হেন কোনো অপকর্ম নেই তারা করেনি। গাইবান্ধায় জামায়াতের সেই তাণ্ডব, এখনও আমাদের আতঙ্কিত করে। সেই আতঙ্কের জনপদে জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মঞ্জুরুল ইসলাম লিটন। ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সাংসদ নির্বাচিত হওয়ার পরও জামায়াত-শিবিরের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত ছিল। স্থানীয় রাজনীতিবিদদের ধারণা, সেই লড়াইয়ের জন্যই জীবন দিতে হলো লিটনকে। কাপুরুষ ঘাতকরা সেই লড়াইয়েই তাকে হারিয়ে দিতে চেয়েছে। কিন্তু ব্যক্তি লিটনকে খুন করলেও জামায়াত-শিবিরের বিরুদ্ধে যে লড়াই চলছে, তা চলবে।
স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ঘাতকের হাতে প্রাণ হারিয়েছেন চারজন সংসদ সদস্য। দুর্ভাগ্যজনক হলো, এই চারজনই আওয়ামী লীগের। এদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া মারা যান গ্রেনেড হামলায়। আর গোলাম কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার ও মনঞ্জুরুল ইসলাম লিটন প্রাণ দেন ঘাতকের গুলিতে।
১৯৭৪ সালের ২৫ ডিসেম্বর কুষ্টিয়ায় ঈদের জামাতে জাদসের গুণ্ডাবাহিনী গুলি করে হত্যা করে সাংসদ গোলাম কিবরিয়াকে। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় গুলি চালিয়ে হত্যা করা হয় সাংসদ আহসান উল্লাহ মাস্টারকে। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। আর ৩১ ডিসেম্বর সেই তালিকায় সর্বশেষ নাম হলেন গাইবান্ধা-১ আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন।
বছরের প্রথম দিনটিকে ঘিরে সব গণমাধ্যমেরই বিশেষ আয়োজন থাকে। পত্রিকা, টেলিভিশন, অনলাইন- সবাই চেষ্টা করেন ইতিবাচক কোনো সংবাদ দিয়ে দিন শুরুর। কিন্তু এবার সব ওলটপালট করে দিল ঘাতকরা। সব পত্রিকায় আজ শিরোনাম ‘দুর্বত্তের গুলিতে সাংসদ নিহত’। এবার তাই শুভ নববর্ষ বলা খুব কঠিন। তবে প্রত্যাশা হলো, নতুন বছরে জামায়াত-শিবিরের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।


























































