শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ-ভুটানের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

1483354269
পূর্বাশা ডেস্ক:
ব্যবসা-বাণিজ্যে আরও একধাপ এগিয়ে গেল দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা। দীর্ঘ অপেক্ষার পর বাণিজ্য চুক্তি অনুযায়ী বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভুটানের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বছরের প্রথম দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভুটান থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে পণ্য আমদানি করা হয়েছে। এ স্থলবন্দর দিয়ে এর আগে ভারত ও নেপালের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। এর ফলে বাংলাদেশ ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় রাজস্বখাতেও যোগ হবে নতুন মাত্রা। এই এলাকার মানুষের জন্য নতুন করে কর্মসংস্থানের সুযোগ ঘটবে।
জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভুটান থেকে পাথর ভর্তি দুটি ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করে। বাংলাবান্ধা জিরো পয়েন্টে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট, ব্যবসায়ী ও শ্রমিকরা ভুটান থেকে আগত প্রতিনিধি দলকে স্বাগত জানান।
এ সময় তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন, ভুটানের রিজিং এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী মুন্না খান, মেসার্স আখি এন্ড অপু টেডার্সের স্বত্ত্বাধিকারী মোজাফফর হোসেন, শান এন্টারপ্রাইজের সিএন্ডএফ সাইদুর রহমান, সিএন্ডএফ শফিকুল ইসলাম, ইন্দো ফয়েল প্রাইভেট লি. এর সিএন্ডএফ এজেন্ট মো. সেলিম, বাংলাবান্ধা স্থলবন্দর সহকারি রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি