শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইলেক্ট্রনিক বর্জ্যে হুমকির মুখে পরিবেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

e-borjo-babostapona-550x367
পূর্বাশা ডেস্ক:

দেশ উত্তরোত্তর উন্নয়নের দিকে যাচ্ছে। দিন দিন ব্যাপক হারে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। ফলে তৈরি হচ্ছে বিপুল পরিমাণ ইলেক্ট্রনিক বর্জ্য, যার নেই সঠিক ব্যবস্থাপনা প্রক্রিয়া। আর সাধারণ মানুষেরও এ বিষয়ে সচেতনতা নেই বললেই চলে।

এসব বর্জ্য স্বাস্থ্যঝুঁকি বাড়ানোসহ পরিবেশের জন্য মারাত্মক প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে বলে জানান পরিবেশবিদরা। কর্তৃপক্ষ বলছেন, এ বিষয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন তারা। আগামী বছরেই আসছে ই-বর্জ্য ব্যবস্থাপনা আইন।

ঘরের টেলিভিশন, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন সর্বোপরি সবার হাতে হাতে ব্যবহৃত মোবাইল ফোনটি নষ্ট হয়ে গেলে সেগুলো কি করা হয় এমন প্রশ্নের জবাব নেই বেশির ভাগ মানুষের কাছে। অস্বাস্থ্যসম্মত উপায়ে যারা পুন:প্রক্রিয়াকরণ করছেন তারাও জানেন না এসব ই-বর্জ্য স্বাস্থ্য ও পরিবেশের জন্য কতটা ক্ষতিকর।

পরিবেশবিদরা বলছেন ই-বর্জ্যের পরিমাণ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও হস্তক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে পরিবেশ বিজ্ঞানী শাহারিয়ার হোসেন বলেন, ‘শুধু নীতিমালা হলেই চলবেনা, এটি একটি আইনে পরিণত করতে হবে’।

পরিবেশ অধিদপ্তর বলছে, পরিবেশের কথা চিন্তা করেই ই-বর্জ্য কমানোর লক্ষ্যে আইন প্রণয়নের সঙ্গে সঙ্গে রিসাইক্লিং নিয়েও কাজ চলছে। নিম্নমানের ইলেক্ট্রনিক পণ্যের ব্যবহারই এই বিপুল পরিমাণ ই-বর্জ্য সৃষ্টি করছে বলে মনে করছেন পরিবেশবিদরা।

আশঙ্কার কথা হল দেশের মানুষ প্রতিবছর কি পরিমাণ ইলেক্ট্রনিক পণ্য ব্যবহার করে তার সঠিক কোন পরিসংখ্যান নেই। -তথ্যসূত্র : সময় টিভি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি