২০১৫ সালটা স্বপ্নের মতোই কেটেছে। বিশ্বকাপ সাফল্যের পর ঘরের মাঠে কোনো পরাশক্তিই বাংলাদেশের সামনে বাধার দেয়াল তুলে দাঁড়াতে পারেনি। পাকিস্তান থেকে শুরু করে ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দল এক ঘাটে পানি খেয়ে গেছে। এর রেশ ছিল ২০১৬ সালেও। টি-টোয়েন্টি বিশ্বকাপটা বাদ দিলে ২০১৬ সালও খারাপ যায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর ইংল্যান্ডের বিপক্ষেও বুক চিতিয়ে লড়েছে বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে জেতার পর টেস্টে ঐতিহাসিক জয় তুলে নেয় মুশফিকবাহিনী। তবে এসবই ঘরের মাঠের গল্প। লড়াই এবার বিদেশের মাটিতে। ২০১৭ সালে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচই প্রতিপক্ষের মাঠে। তাই এই বছরটা কঠিন চ্যালেঞ্জের বলে মনে করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। গত হওয়া ২০১৬ সালে বাংলাদেশের পারফরম্যান্স এবং ২০১৭ সালে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে প্রিয়.কম এর সাথে অনেক কথাই বললেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।
প্রিয়.কম: ২০১৬ সালটা কেমন গেল? প্রত্যাশা পূরণ করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট দল?
আমিনুল ইসলাম বুলবুল: ২০১৬ সালটা সফলভাবেই শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট জিতলাম ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে। আফগানিস্তানের সাথে সিরিজ জিতলাম। এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচও জিতেছি। আবার সফলভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছি। অবশ্যই ভালো কেটেছে।
প্রিয়.কম: ২০১৭ সালে বেশ কয়েকটি সফর করবে বাংলাদেশ দল। বিদেশের মাটিতে বাংলাদেশের ভালো করার কতটুকু সম্ভাবনা দেখছেন বা কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে?
আমিনুল ইসলাম বুলবুল: আমাদের জন্য ২০১৭ সাল খুবই চ্যালেঞ্জিং একটা বছর হবে। কারণ হচ্ছে ২০১৬ সালে আমরা নিজেদের উন্নত করেছি। যেহেতু নিজেদের উন্নত করেছি, এটাকে ধরে রাখতে হবে। এই জন্য ২০১৭ সালটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ তিনটি ওয়ানডেতে হেরে গেলেও টি-টোয়েন্টি দিয়ে আমাদের নতুন বছর শুরু হচ্ছে। এরপর আবার টেস্ট আছে। এরপর শ্রীলঙ্কা সফর আছে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দক্ষিণ আফ্রিকা আছে। আবার অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে। অনেক কিছু আছে এ বছরটায়। আমাদের জন্য খুব ব্যস্ত এবং কঠিনতম বছর হতে যাচ্ছে এটা। যেহেতু ২০১৬ সালটা ভালো গেছে, ২০১৭ সালে এই ধারাবাহিকতা সবাই আমাদের কাছ থেকে প্রত্যাশা করবে। বাংলাদেশের জন্য ২০১৭ সাল খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।
প্রিয়.কম: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা দলগুলোর বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন?
আমিনুল ইসলাম বুলবুল: সবকিছুই নির্ভর করছে আমরা কেমন পরিকল্পনা করছি বা আমরা কেমন প্রস্তুতি নিচ্ছি, সেটার ওপর। এসব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা বিপিএল খেলে নিউজিল্যান্ডে গেছি। বেশি টি-টোয়েন্টি খেলার কারণে মানসিকতা কিন্তু সেরকম রয়ে গেছে। তো আমরা শ্রীলঙ্কাতে খেলতে যাব। দক্ষিণ আফ্রিকা সফর খুবই চ্যালেঞ্জিং হবে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেরা দলগুলোর বিপক্ষে খেলব ঠিকই, তবে আমরা যদি ভালো প্রস্তুতি নিই, ভালো করার সম্ভাবনা থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্ডিফে আমরা নিউজিল্যান্ডের সঙ্গে খেলব। এই কার্ডিফে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম। ওভালে আমাদের দুটি ম্যাচ আছে। আমাদের ভালো সম্ভাবনা আছে। ওই কন্ডিশনে কারা ভালো খেলবে, কাদের বিপক্ষে কী পরিকল্পনা থাকবে, এসব ঠিকভাবে সাজাতে পারলে ভালো করতে পারবে বাংলাদেশ।
প্রিয়.কম: শ্রীলঙ্কা দলে কুমার সাঙ্গাকারা বা মাহেলা জয়াবর্ধনের মতো ক্রিকেটার নেই। তরুণ বেশ কিছু ক্রিকেটার দলে এসেছে। আগামী মার্চে এই শ্রীলঙ্কার বিপক্ষে সফরকারী বাংলাদেশের ভালো করার সম্ভাবনা কতটুকু?
আমিনুল ইসলাম বুলবুল: নিউজিল্যান্ড সিরিজের আগে আমি বলেছি, যে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ খেলছে, তাদের ম্যাচ খেলার অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ এগিয়ে আছে। কারণ আমরা বেশি ম্যাচ খেলেছি। একইভাবে রঙ্গনা হেরাথ বা কুলাসেকারা বাদে আমরা কিন্তু অভিজ্ঞ। আমাদের দলের বেশ কয়েকজন ক্রিকেটার অনেকদিন ধরে খেলছে। যদিও আমরা শ্রীলঙ্কার মাটিতে খেলব, তাদের কিন্তু অভিজ্ঞ খেলোয়াড়রা নেই। সেদিক থেকে আমাদের ফেবারিট হওয়া উচিত।
প্রিয়.কম: অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। ঘরের মাটিতে ভালো করলেও প্রোটিয়াদের মাঠে বাংলাদেশের ভালো রেকর্ড নেই। তবে গত দুই বছরে বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে। এবার কী ভালো লড়াই আশা করা যায়?
আমিনুল ইসলাম বুলবুল: অবশ্যই আশা করা যায়। তবে দেখতে হবে খেলাটা কোন সময় হচ্ছে। কারণ সেপ্টেম্বর থেকেই দক্ষিণ আফ্রিকায় শীত পড়তে শুরু করে। এটা একটা বিষয়। এছাড়া ওরা জানে আমরা লো বাউন্স উইকেটে খেলি। এর ঠিক উল্টোটা বানাবে ওরা। তাই প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ। ওইভাবে প্রস্তুতি নিতে পারলে অবশ্যই ভালো করা সম্ভব। তবে খুবই চ্যালেঞ্জিং হবে সিরিজটা। আগে থেকে বলা যায় না তবে আমার কাছে মনে হয়, দক্ষিণ আফ্রিকা সিরিজটা খুবই কঠিন হতে যাচ্ছে আমাদের জন্য।
প্রিয়.কম: শেষ দুই বছর ধরে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। যেকোনো দলের কাছেই বাংলাদেশ এখন সমীহের প্রতিপক্ষ। তবু এমন কোনো জায়গা আছে যেখানে আরও বেশি কাজ করতে হবে বাংলাদেশকে বা ওই জায়গায় কাজ করলে আরও বেশি উন্নতি করা সম্ভব?
আমিনুল ইসলাম বুলবুল: আমার কাছে মনে হয়, এখন প্রধান যে সমস্যা সেটা হলো দল নির্বাচন। দল নির্বাচন বলতে নির্বাচকদের দোষ দিচ্ছি না আমি। নান্নু ভাই অনেকদিন ধরে আছেন। সুমন আছে, শিপন এসেছে। এদের ওপর আস্থা রাখা উচিত এবং এদের দিয়েই কাজটা করানো উচিত। এটা প্রধান বিষয়। এরপর আমরা সফরে যেখানে খেলব সেই কন্ডিশনে আমরা কী প্রস্তুতি নিচ্ছি বা কী পরিকল্পনা নিয়ে যাচ্ছি এই জিনিসগুলো খুব বড় একটা ব্যাপার।
এছাড়া আমাদের যে ঘরোয়া ক্রিকেট আছে এখানে জোর দেওয়া উচিত। একটা সিরিজ গেল, ওটা যেন শেষ না হয়ে যায়। ব্যর্থতা, ভালো এসব নিয়ে পুনরায় আলোচনা করা দরকার। কোন জায়গায় দুর্বল বা কোথায় কাজ করা উচিত এসব নিয়ে বসা উচিত। আমাদের কোচরা সিরিজ শেষে বাড়ি চলে যায়। এটা না করে তাকে আলাদা আলাদা করে খেলোয়াড়কে সময় দিতে হবে। এভাবে করলে কিন্তু অবশ্যই সম্ভব। কারণ আমাদের খেলোয়াড়রা খুবই প্রতিভাবান।
প্রিয়.কম: ২০১৭ সালে কেমন বাংলাদেশকে দেখতে চান?
আমিনুল ইসলাম বুলবুল: লড়াকু বাংলাদেশকে দেখতে চাই। প্রথমত, আমরা ২০১৯ বিশ্বকাপ নিশ্চিত করতে চাই। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কমপক্ষে দুটি ম্যাচ জিততে চাই। আর আমার মনের যে ইচ্ছা সেটা হলো, একেবারে প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট পৌঁছে দিতে চাই। যেমন আপনাদের নিউজ দিয়ে ক্রিকেট কিন্তু চলে যাচ্ছে গ্রামে-গঞ্জে, সব খানে। ক্রিকেটটাও এভাবে নিয়ে যেতে চাই। সকলের মাঝে ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। উপজেলা পর্যায়ে ক্রিকেট নিয়ে যেতে চাই। এটা আমার স্বপ্ন।


























































