পূর্বাশা ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ত সড়কে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫৭ জন। নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর জানানো হয়।
সোমবার শিয়া মুসলিম অধ্যুষিত রাজধানীর পূর্বাঞ্চলের জেলা সদর সিটিতে এ হামলা চালানো হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে বিবিসি’র অনলাইন ভার্সনে বলা হয়, সদর সিটিতে কাজের জন্য অপেক্ষারত একদল শ্রমিকের ওপর লক্ষ্য সোমবারের হামলাটি চালানো হয়েছে। নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ ধরনের হামলা চালিয়ে থাকে।
এর আগে, শনিবার বাগদাদের একটি ব্যস্ত মার্কেটে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন প্রাণ হারায়। আইএস পরিচালিত বার্তা সংস্থা আমাকে এ হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠীটি। তারা জানায়, শিয়াদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল। সূত্র: বিবিসি ও আলজাজিরা


























































