পূর্বাশা ডেস্ক:
নারী সাফ চ্যাম্পিয়নশিপের বহু প্রতীক্ষিত ফুটবল ফাইনালে আজ বুধবার মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের ফাইনাল ম্যাচটি শিলিগুড়িতে শুরু হবে বাংলাদেশের সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।
এবার নারী সাফ চ্যাম্পিয়নশিপের চতুর্থ ফাইনাল। আগের তিন আসরে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ দুই বার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। এবার সেই দুর্ভাগ্যে পড়তে হয়নি বাংলাদেশের নারী ফুটবলারদের। সব বাধা পেড়িয়ে ফাইনালের মঞ্চে আজ বাংলাদেশের ফুটবলাররা।
এবারের সাফে আজকের ফাইনালসহ দুই বার ভারতের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বি গ্রুপে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভারতকে মোকাবেলা করে। ভারতের বিপক্ষে গোল শূন্য ড্র করে চমক দেয় বাংলাদেশ। কারণ আগের ছয় বার ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশ জিততে পারেনি এবং কোনো কোনো ম্যাচে বড় ব্যবধানেই হারতে হয়েছিল। এবার ভারতকে ম্যাচ জিততে দেয়নি। নিজেরা গোল করতে না পারলেও ভারতকে গোলও করতে দেয়নি।
তবে আজকের ফাইনালে বাংলাদেশের লক্ষ্য হচ্ছে ‘গোল খাবো না, গোল করবো’। এমন মানসিক প্রস্তুতি নিয়ে আজ শক্তিশালী ভারতকে হারাতে মাঠে নামবে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন, গোলকিপার সাবিনা আক্তার, স্বপ্না, কৃষ্ণা, শিউলী, মারজিয়া, মাইনুরা। অধিনায়ক এবং কোচ জানিয়েছেন, দলের ভেতরে আত্মবিশ্বাসই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এটাই আজকের ফাইনালের বড় প্রেরণা।
বাংলাদেশ গ্রুপ ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে হারায়। ভারতের বিপক্ষে গোল শূন্য ড্র করে বি গ্রুপ চ্যাম্পিয়ন সেমি ফাইনালে ওঠে। সেমিফাইনালে মালদ্বীপকে ৬-০ গোলে হারিয়ে আজকের ফাইনালে উঠে বাংলাদেশ। (ফাইনালের আরো খবর খেলার পাতায়)

























































