শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ছিলাম কোটিপতি এখন ফকির’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৭

image_1771_271986
পূর্বাশা ডেস্ক:
রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটের ভয়াবহ আগুন কোটি কোটি টাকার মালামাল পুড়িয়ে নিঃস্ব করে দিয়ে গেছে ব্যবসায়ীদের। উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে পরিবার-পরিজন নিয়ে আক্ষরিক অর্থেই পথে বসার উপক্রম হয়েছে অনেক ব্যবসায়ীর।
মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে মার্কেট চত্বরের সামনে কাঁদতে দেখা গেছে অনেক ব্যবসায়ীকে। চোখের সামনে নিজ দোকানের জিনিসপত্র পুড়তে দেখা এসব ব্যবসায়ী তাদের শোক, ক্ষোভ, উত্তেজনা ও হতাশা প্রকাশ করেছেন। আকস্মিক এই বিশাল ক্ষতি কিভাবে সামলে উঠবেন তা নিয়ে ভাবতেও পারছেন না তারা।

আনোয়ার হোসেন (৩৫) নামের একজন ব্যবসায়ী বলেন, তার বাবা ১৯৭২ সাল থেকে এই মার্কেটে ব্যবসা শুরু করেন। মার্কেটে
তাদের তিনটি খাবারের দোকান ছিল, যার সবগুলোই পুড়ে ছাই।
তিনি বলেন, ‘গতকালও আমি কোটিপতি ছিলাম। এখন রাস্তার ফকির।’
ডিসিসি (পাকা) মার্কেটের ১২১ নাম্বার দোকানটিতে কার্পেটের শোরুম ছিল ষাটোর্ধ্ব বাবর আলীর। দোকানে প্রায় ২৫ লাখ টাকার কার্পেট ও থান কাপড় ছিল বলে জানান তিনি।
পাঞ্জাবির হাতা দিয়ে চোখের জল মুছতে মুছতে বলেন, ‘কী বলব বাবা, আমার সব তো শেষ। কিছু মাল বের করতে পারছি, বেশিরভাগ মালই রয়ে গেছে। আগুন বাড়তাছে। কী জানি হয়? ছেলেরা ধোঁয়ার জন্য মালামাল বের করতে পারছে না।’
এই মার্কেটের ১০১ নাম্বার দোকানের বাইসাইকেল ব্যবসায়ী আবু ইউসুফ জনি হতাশ কণ্ঠে বলেন, ‘মালামাল বের করার চেষ্টা করতেছি, কিন্তু ধোঁয়ার জন্য পারতেছি না।’
২০ বছর আগে নোয়াখালী থেকে খালি হাতে ঢাকায় এসেছিলেন মো. রাসেল (৩২)। পড়াশোনা এবং ঢাকায় থাকার খরচ চালিয়েছেন টিউশনি করে। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের সহযোগিতায় ৫৫ হাজার টাকা পুঁজি নিয়ে প্রসাধনীর দোকান দিয়েছিলেন তিনি।
ভেঙে পড়া কণ্ঠে তিনি বলেন, ‘আমার একমাত্র মেয়েকে এই বছর স্কুলে ভর্তি করিয়েছি। তাকে যে আগামীকাল স্কুলে পাঠাব, তার রিকশাভাড়াও আমার কাছে নাই।
‘এখানে বড় বড় লোকজন আসছে, মিডিয়ার সামনে কথা বলছে। কিন্তু ব্যবসায়ীরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তার ক্ষতিপূরণের বিষয়ে কেউ কোনো কথা বলছে না।’
দুই দিন আগেই নতুন মাল কিনে দোকানে তুলেছিলেন খেলনা বিক্রেতা দেলোয়ার হোসেন। তিন সন্তানের জনক এই ব্যবসায়ী বলেন, ‘একটা সুতাও বের করতে পারি নাই। সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এই মার্কেটটা ঘিরে হাজার কোটি টাকার ব্যবসা হতো। সবার জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।’
গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানিরা পলিথিনের বস্তায়, কাঠের বাক্সে বা মোটা কার্টনে আগুনে পুড়ে যাওয়া মার্কেটের ভেতরের দোকান থেকে তাদের পণ্য বের করে আনছেন। অনেককেই উত্তেজিত দেখা যায়। কেউ কেউ এক জায়গায় নিজ দোকানের পণ্য জড়ো করছিলেন আর চোখের পানি মুছছিলেন।
মার্কেটের সামনের যানবাহন পার্কিংয়ের জায়গায় আগুন থেকে বেঁচে যাওয়া পণ্যগুলো জড়ো করলেও সেখানে অগি্ননির্বাপণের পানি জমতে থাকায় ট্রাকে বা রিকশাভ্যানে করে তা সরিয়ে নেন। যারা তাদের পণ্য সরানোর জন্য যানবাহনের ব্যবস্থা করতে পারেননি, তারা পাশের ফুটপাতে তা নিয়ে জড়ো করছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি