স্পোর্টস ডেস্কঃ
পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের চতুর্থ দিন শেষে শক্ত অবস্থানে স্বাগতিক অস্ট্রেলিয়া। ম্যাচ জিতলে সিডনি টেস্টের শেষদিনে পাকিস্তানের প্রয়োজন আরও ৪১০ রান।
আর অস্ট্রেলিয়ার দরকার ৯ উইকেট। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ৪৬৫ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৫৫ রান তুলে দিন শেষ করেছেন পাকিস্তান।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৩৮ রানে জবাবে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৭১ রান তুলেছিলো পাকিস্তান। ফলে ফলো-অনের শংকায় পড়ে সফরকারীরা। হাতে থাকা বাকি ২ উইকেট থেকে আরও ৬৭ রান করতে পারলেই ফলো-অন এড়ানো যাবে, এমন লক্ষ্য নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইউনিস খান ও ইয়াসির শাহ। অভিজ্ঞ ইউনিস ১৩৬ ও ইয়াসির ৩ রানে দিন শুরু করেন।
দিনের শুরু থেকেই দক্ষতার সঙ্গেই রান তুলছিলেন রান অভিজ্ঞ ইউনিস। ফলে ব্যক্তিগতভাবে দেড়শ’ রানের কোটাও পেরিয়ে যান তিনি। সেই সাথে পাকিস্তানের সংগ্রহও পেরিয়ে যায় ৩শ’।
কিন্তু দলীয় ৩১৫ রানে ইয়াসিকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে দিনের প্রথম সাফল্য এনে দেন পেসার জশ হ্যাজেলউড। এরপর ক্রিজে আসেন শেষ ব্যাটসম্যান ইমরান খান। ২ বল পরই ইমরানকেও তুলে নেন হ্যাজেলউড। ফলে ৩১৫ রানেই গুটিয়ে ফলো-অনে পড়ে পাকিস্তান। আর অন্যপ্রান্তে ৩৩৪ বলে ১৭৫ রানে অপরাজিত থেকে যান ইউনিস। তার ইনিংসে ১৭টি চার ও ৩টি ছক্কা ছিলো। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ৪টি উইকেট নেন।
পাকিস্তানকে ফলো-অন না করিয়ে, দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাটিং-এ নামে অস্ট্রেলিয়া। টি-টুয়েন্টি স্টাইলে ব্যাটিং শুরু করেন প্রথম ইনিংসে ৭৮ বলে সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার। ফলে এদিনও দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। মাত্র ২৩ বলে হাফ-সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি তুলে ২৭ বলে ৫৫ রানে থামেন ওয়ার্নার। ৮টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
ওয়ার্নার ফিরে গেলেও, অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুড়েছে ওয়ানডে স্টাইলে। আর তা করেছেন আরেক ওপেনার উসমান খাজা ও অধিনায়ক স্টিভেন স্মিথ। দ্বিতীয় উইকেটে ৯৮ বলে ১০৩ রান যোগ করেন তারা। ব্যক্তিগত ৫৯ রানে স্মিথ বিদায় নেয়ার পর, উইকেটে আসেন পিটার হ্যান্ডসকম্ব। উইকেটে গিয়েই বিধ্বংসী হয়ে উঠেন তিনি। ফলে মাত্র ২৫ বলে ৪০ রান তুলে ফেলেন হ্যান্ডসকম্ব। অন্যপ্রান্তে ৯৮ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন খাজা। ফলে ৩২ ওভারে ২ উইকেটে ২৪১ রানে পৌঁছে ইনিংস ঘোষণা করে দেয় অস্ট্রেলিয়া। এতে ম্যাচ জয়ের জন্য ৪৬৫ রানের বিশাল টার্গেট পায় পাকিস্তান।
সেই লক্ষ্যে উড়ন্ত সূচনা করেছিলেন পাকিস্তানের ওপেনার শারজিল খান। ৬টি চার ও ১টি ছক্কায় ৩৮ বলে ৪০ রান তুলে ভালোভাবে দিন শেষ করার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। কিন্তু ঐ স্কোরেই শারজিলকে থামিয়ে দেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও। তবে দিন শেষে আজহার আলী ১১ ও নাইটওয়াচম্যান ইয়াসির ৩ রানে অপরাজিত আছেন। আর পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৫৫ রান।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে) :
অস্ট্রেলিয়া : ৫৩৮/৮ডি ও ২৪১/২ডি, ৩২ ওভার (খাজা ৭৯*, স্মিথ ৫৯, ওয়ার্নার ৫৫, ওয়াহাব ১/২৮)।
পাকিস্তান : ৩১৫ ও ৫৫/১, ১৬ ওভার (ইউনিস ১৭৫*, আজহার ৭১, হ্যাজেলউড ৪/৫৫)।

























































