
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এম ইউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আ’লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছে। সংঘর্ষের পর নির্বাচন স্থগিত করে দেয়া হয়।
শনিবার (৭ জানুয়ারী) সকাল সোয়া ১০ টায় উপজেলার বড় শালঘর ইউনিয়নের ওই বিদ্যালয়ে এ সংঘর্ষ শুরু হয়।
আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, এম ইউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ইউনিয়ন আ’লীগ সভাপতি ইউনুছ মাষ্টার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ’লীগ নেতা জহিরুল ইসলাম ঝাড়– সমর্থিত দুটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করে। সকাল ১০ টায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরু হওয়ার সাথে সাথে দু’গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিদ্যালয় সংলগ্ন বাজারের ৪/৫টি দোকান ভাংচুর করা হয়, একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ এবং কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করা হয়। এ সময় উভয় গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৫/৬ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।
সংঘর্ষের পর নির্বাচন কর্মকর্তা উপজেলা ভূমি সহকারি কমিশনার আনোয়ারুল আজম ঘটনাস্থলে এসে নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। দু’গ্রুপের নেতাকর্মীরা বিদ্যালয়ের আশেপাশে অবস্থান করছেন। পরিস্থিতি থমথমে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত পরে জানাবো।

















































