শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ ,১৪৪ ধারা জারি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৭

15942353_1579717095388312_719178454_n

এইচ এম মহিউদ্দিনঃ
কুমিল্লার কোটবাড়ী এলাকায় কওমীপন্থী আহলে সুন্নতে জামায়াতের সমর্থকদের বাধার মুখে রেজভীয়া দরবার শরীফের মাহফিল পণ্ড হয়ে গেছে। এসময় কওমীপন্থীদের হামলায় আহত হয়েছে রেজভীয়া দরবার শরীফের কমপক্ষে ১০ ভক্ত। এছাড়া ভাঙচুর করা হয় কুমিল্লা-কোটবাড়ী সড়কের ওপর নির্মাণ করা একটি তোরণ।

পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় কুমিল্লা-কোটবাড়ী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার বিকেলে কুমিল্লা মহানগরীর কোটবাড়ী গর্ভমেন্ট ল্যাবরেটরী হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় প্রশাসন মাহফিল বন্ধ রাখার নির্দেশ দিয়ে মাহফিল স্থলে ১৪৪ ধারা জারি করে।

জানা যায়, ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে কোটবাড়ী গর্ভমেন্ট ল্যাবরেটরী হাইস্কুল মাঠে শুক্রবার বিকেল থেকে মধ্যরাত ব্যাপী রেজভীয়া দরবার শরীফের ভক্তরা বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজন করে। মাহফিলে প্রধান অতিথি করা হয় রেজভীয়া দরবার শরীফের পীর সিরাজুল আমিন রেজভীকে। এ উপলক্ষে কোটবাড়ী এলাকায় বেশ কয়েকটি তোরণ নির্মাণ করা হয়। ব্যানার-ফেস্টুনে সজ্জিত করা হয়।

অপরদিকে, রেজভীয়া দরবার শরীফের মাহফিল উপলক্ষে ব্যানার-ফেস্টুনে ইসলাম বিরোধী আপত্তিকর স্লোগান লেখা হয়েছে দাবি করে এ মাহফিল প্রতিরোধের ঘোষণা দেয় কওমীপন্থী আহলে সুন্নাতুল জামায়াতের কর্মী-সমর্থকরা।

বিকেলের দিকে রেজভীয়া দরবার শরীফের একদল ভক্ত পিকআপ, ট্রাক ও লেগুনা যোগে কুমিল্লা শহর থেকে মাহফিলে আসার পথে সিটি কলেজের সামনে কওমীপন্থীদের বাধার মুখে পড়ে। কওমীপন্থীরা লাঠি-সোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় রেজভীয়া দরবার শরীফের কমপক্ষে ১০ সমর্থক আহত হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবশেষে বাধার মুখে মাহফিল পণ্ড হয়ে যায়।

এ বিষয়ে রাতে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপালী মণ্ডল জানান, মাহফিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এতে মাহফিল বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং মাহফিল স্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি