মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইনজুরিতে ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে মাশরাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০১৭

1483891616_45

পূর্বাশা ডেস্ক:

ক্যারিয়ারে আরও একবার ইনজুরির শিকার হলেন মাশরাফি বিন মুর্তজা। ডান হাতের বুড়ো আঙুলের নিচের দিকে হাড়ে চিড় ধরা পড়েছে তাঁর। ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশ অধিনায়ককে।

ম্যাচের সেটি ছিল ১৮তম ওভার, মাশরাফির শেষ। দ্বিতীয় বলে গুলির বেগে ড্রাইভ করেছিলেন কোরি অ্যান্ডারসন। ফলো থ্রুতে ডাইভ দিয়ে ফেরানোর চেষ্টা করেন বল। হতে লেগে বল চলে যায় লং অফে। প্রচণ্ড ব্যথা অনুভব করেন সঙ্গে সঙ্গেই।

ফিজিও ডিন কনওয়ে মাঠে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় ব্যথা অনুভব করেন আরও বেশি। ছেড়ে যান মাঠ। মাশরাফি যখন মাঠেই ব্যথায় চিৎকার করেন বা মাঠ ছেড়ে যান, বুঝে নিতেই হয় সেটি বড় ধরনের কিছুই।

হাসপাতালে স্ক্যান করার পর ধরা পড়েছে তেমন কিছুই। মাঠে ফিরতে লেগে যাবে ৬ থেকে ৮ সপ্তাহ। তবে দুঃসংবাদের মাঝেও একটু স্বস্তি, এই সময়টায় বাংলাদেশের কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি নেই। মার্চে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজ শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা তার।

অনেক দিন ধরেই টেস্ট খেলছেন না মাশরাফি। আপাতত তাই তার নিউজিল্যান্ড সিরিজ শেষ হতো এমনিতেও। তবে এখই দেশে ফিরছেন না ওয়ানডে অধিনায়ক। স্ত্রী, সন্তানেরা নিউজিল্যান্ডেই। তাই পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাবেন।

সীমানায় ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসও। তবে তার চোট তেমন খারাপ কিছু না বলে ধারণা করা হচ্ছে। এরপরও তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছিলেন তামিম ইকবালও। তার চোটের জায়গা ফুলে আছে। তবে এক্সরেতে কোনো কিছু ধরা পড়েনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি