পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশ সাতে, আটে পাকিস্তান, নয়ে ওয়েস্ট ইন্ডিজ। এ-ই হলো ওয়ানডে র্যাঙ্কিংয়ে তিন দলের অবস্থান। পয়েন্ট ব্যবধান সামান্যই। বাংলাদেশের রেটিং ৯১, দুই কম নিয়ে পাকিস্তানের ৮৯। পাকিস্তানের চেয়ে তিন কম নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ৮৬।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকার লড়াইটা এই তিন দলের মধ্যে জমে যেতে পারে। বিশ্বকাপ মাথায় রেখেই মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী মার্চের শেষে পূর্ণাঙ্গ ক্যারিবীয় সফরে যাবে পাকিস্তান। এই সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট থাকলেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তিনটি ওয়ানডে।
এএফপির খবরে বলা হয়েছে, ওয়ানডে ম্যাচগুলো এ জন্যই মূল হয়ে উঠবে এই সফরে, আগামী সেপ্টেম্বর হচ্ছে ২০১৯ বিশ্বকাপে সেরা আট দলের সরাসরি জায়গা করে নেওয়ার শেষ সময়। ১০ দলের এই আসরে ওয়ানডে র্যাঙ্কিংয়ের নয় ও দশে থাকা দল দুটিকে সহযোগী দেশগুলোর সঙ্গে বাছাইপর্ব খেলে আসতে হবে। সেই বাছাইপর্বের ঝক্কিতে যেতে চায় না কোনো দলই।
পাকিস্তান এর মধ্যে ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ফলে তাদের রেটিং পয়েন্টে আরও পরিবর্তন আসতে পারে। মার্চে বাংলাদেশের যাওয়ার কথা শ্রীলঙ্কায়। ফলে বাংলাদেশ যেমন ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজে এক চোখ রাখবে, ওই দুই দলও চোখ রাখবে বাংলাদেশের ওয়ানডে ম্যাচগুলোর ফলের দিকে।
এ বছর বাংলাদেশ বেশির ভাগ খেলা দেশের বাইরে। জুনে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দল যাবে ইংল্যান্ডে। এর আগে প্রস্তুতিমূলক সিরিজ খেলবে আয়ারল্যান্ডে। বিসিবির পরিকল্পনায় আছে সিঙ্গাপুরে একটি ত্রিদেশীয় সিরিজও, যেখানে বাকি দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
২০১৩ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল পাকিস্তান। সেবার ওয়ানডে সিরিজটা জিতেছিল ৩-১ ব্যবধানে। জিতে নিয়েছিল দুটি টি-টোয়েন্টি। এমনকি জিতেছিল টেস্ট সিরিজেও।
পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর-সূচি:
৩১ মার্চ প্রথম টি-টোয়েন্টি
২ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি
৭ এপ্রিল প্রথম ওয়ানডে
৯ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে
১১ এপ্রিল তৃতীয় ওয়ানডে
২২ এপ্রিল প্রথম টেস্ট
৩০ এপ্রিল দ্বিতীয় টেস্ট
১০ মে তৃতীয় টেস্ট

























































