শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন ২৬ জানুয়ারি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৭

Khaleda_Zia._._._

পূর্বাশা ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব‌্য উপস্থাপন ফের পিছিয়েছে।

 বৃহস্পতিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ মামলায় খালেদার বাকি বক্তব‌্য উপস্থাপনের জন‌্য ২৬ জানুয়ারি নতুন তারিখ ঠিক করে দিয়েছেন।

ঢাকার বকশীবাজার এলাকার উমেষ দত্ত রোডে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে এ আদেশ দেয়া হয়।

খালেদা জিয়া আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য পেশে আজ সময় আবেদন পেশ করেন। আদালত এ আবেদন মঞ্জুর করে পরবর্তী ওই তারিখ ধার্য করে আদেশ দেন।

এর আগে গত ১ ডিসেম্বর খালেদা জিয়া তার বিরুদ্ধে আনা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য পেশ শুরু করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তদন্তকারী কর্মকর্তা ও বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদসহ ৩২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অাগস্ট পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বছর ১৯ মার্চ এ মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়।

অন্য আসামিরা হলেন-খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি