বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » খালেদার উপস্থিতিতে প্রথম তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আইনজীবীরা


খালেদার উপস্থিতিতে প্রথম তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আইনজীবীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৭

274300_1
পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রথম তদন্ত কর্মকর্তা তৎকালীন দুদকের উপ-পরিচালক নুর আহম্মেদকে জেরা করছেন আইনজীবীরা।

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার আদালতে তাকে জেরা করছেন খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান।

বৃহস্পতিবার সকাল ১০টা ৩৪ মিনিটে বিচারক এজলাসে উঠেন। এসময় মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সাক্ষী দেন। তার সাক্ষী শেষে তাকে জেরা শুরু করেন আইনজীবীরা।

এর আগে আজ সকাল ১০.৫৩ মিনিটে বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হন।

মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুবেদ রায়।

মামলার অপর আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (পলাতক), হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি