পূর্বাশা ডেস্ক:
আড়াই বছর পর বিদেশের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। ওয়েলিংটন টেস্টের ফল যা-ই হোক না কেন, ক্রিকেট বিশ্বকে প্রথম ইনিংস দিয়েই চমকে দিয়েছে মুশফিকুর রহিমের দল। আজ সংবাদ সম্মেলনে রস টেলরও প্রশংসার বৃষ্টিতে ভেজালেন বাংলাদেশকে। বাংলাদেশ সামনের দিনগুলোতে বিদেশে আরও ভালো করবে বলেই মত অভিজ্ঞ এই ব্যাটসম্যানের।
চোখের অস্ত্রোপচার থেকে ফিরে আসার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না। তবে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির খবর অজানা নেই টেলরের কাছে। এমনকি রঙিন পোশাকে বাংলাদেশকে বিবর্ণ দেখালেও টেলর মনে করেন, ৬-০ ব্যবধান দিয়ে বোঝা যাবে না ওই দুই সিরিজের ফল।
এই টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশ যা খেলেছে, তাকে এক কথায় ‘অসাধারণ’ বলেছেন টেলর। বলেছেন, ‘দেখুন বিদেশের মাটিতে অভিজ্ঞতা অর্জনের মতো যথেষ্ট আন্তর্জাতিক ক্রিকেট কিন্তু ওরা খেলেনি। যত বেশি ওরা দেশের বাইরে খেলবে, তত বেশি ভালো দল হয়ে উঠবে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ফল যেমনটা দেখাচ্ছে, তার চেয়ে কিন্তু সিরিজে লড়াইয়ের তীব্রতা অনেক বেশি ছিল।’
বাংলাদেশ রঙিন পোশাকে সাদামাটা ছিল মুশফিকুর রহিমের চোটের কারণে মিডল অর্ডারে দেখা দেওয়া শূন্যতার কারণে। টেলরের অভিজ্ঞ চোখ বলছে, ‘মুশফিক চোটের কারণে ছিটকে পড়েছিল, মিডল অর্ডারে ওর অভাবটা ওরা টের পেয়েছে। দল ওর ওপর ভীষণভাবে নির্ভরশীল। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে ও ওই ধরনের পরিস্থিতিতে যদি এমন ইনিংস খেলত, হয়তো গল্পটা অন্য রকম হতো।’
বাংলাদেশ দলটা এখন একজনের দলও যে নয়, তার বলে দিলেন টেলর, ‘অনেক দিন ধরেই সাকিব বিশ্বসেরা। আর ওদের তরুণ স্পিনারটিও (মিরাজ) বেশ ভালো করছে। আমরা তো ভাবিইনি ওকে দিয়েই বোলিংয়ের শুরু হবে। এখানে শুরুতেই এসে বল করা সহজ নয়। বেশির ভাগ বোলারের চেয়ে ও কিন্তু রান কম দিয়েছে। ওদের পেসাররাও এই কন্ডিশনে বোলিং উপভোগ করেছে। দেশের বাইরে ওরা যত বেশি খেলবে, ওরা আরও বেশি ভালো হয়ে উঠবে।’

























































