পূর্বাশা ডেস্ক:
মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তর কাজের উদ্বোধন করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ রবিবার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ফেরিঘাট উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, কাওড়াকান্দি ফেরিঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তরের ফলে অনেক যানবাহন পার্কিং করতে পারবে, ফলে ঘাট এলাকায় কোনো যানজট থাকবে না।
এ সময় নৌপরিবহন মন্ত্রী আরো বলেন, শুধু কাঁঠালবাড়ি ফেরিঘাটের উন্নয়ন নয়, সড়কপথেরও উন্নয়ন করা হয়েছে। যানবাহনগুলো একটি সড়ক দিয়ে ফেরিতে উঠবে, আরকেটি সড়ক দিয়ে ফেরি থেকে নামবে। যার ফলে রাস্তায় মুখোমুখি দুর্ঘটনা ও যানজট হওয়ার কোনো সম্ভাবনা নেই।
নৌমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের গতি সৃষ্টি করছেন, তারই মাইলফলক হিসেবেই এই কাঁঠালবাড়ি ফেরিঘাট। নৌপথের দুরুত্ব ৫ কিলোমিটার কমে ৮ কিলোমিটার দাঁড়ালেও ফেরি ভাড়া কমছে না। এদিকে লঞ্চ ও স্পিডবোট ভাড়া কমানো নিয়ে চিন্তাভাবনা করা হবেও জানান নৌমন্ত্রী।
এ সময়ন উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সাংসত সদস্য নুর-ই-আলম লিটন চৌধুরী, মাদারীপুরের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রোকসানা ইয়াছমিন ছুটি, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ অনেকেই।























































