খুনি সন্দেহে গ্রেফতার দুই শিশুকে ২৯ জানুয়ারি হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মাধ্যমে একজন পদস্থ কর্মকর্তা দিয়ে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ নির্দেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
গত ২৯ নভেম্বর ওই দুই শিশুকে গ্রেফতার করা শিশু আইনের ১৩, ১৪, ৪৪, ৪৫, ৪৭ ও ৫২ ধারার পরিপন্থী কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।
সেই সঙ্গে ওই দুই শিশুর পরিবারকে কেন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চান আদালত।
গত ২৪ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘লাশের পরিচয় মেলেনি, খুনি সন্দেহে ২ শিশু গ্রেফতার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে একটি রিট করা হয়। পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই মাস আগে পুলিশ অজ্ঞাতপরিচয় এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছিল। লাশটি নিখোঁজ এক শিশুর দাবি করে শিশুটির পরিবার খুনের মামলা করে। খুনি সন্দেহে পরে পুলিশ দুই শিশুকে গ্রেফতার করে।


























































