
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত এই আদেশ দেন।
রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় উদ্ধত আচরণ করেন এক আসামি। সাত খুন মামলায় দণ্ডপ্রাপ্ত এই আসামি নিজের পায়ের স্যান্ডেল খুলে সাংবাদিকদের মারার চেষ্টা করেন।
ডান্ডাবেরি পড়া অবস্থাতেই তিনি স্যান্ডেল খুলে মারার চেষ্টা করেন। রায় শোনার পর আদালতের নীচতলায় প্রিজনভ্যানে তোলার আগমুহূর্তে এ কাণ্ড ঘটিয়ে বসেন তিনি।
তবে সে চেষ্টায় সফল হননি তিনি। সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আগেই তাকে থামিয়ে দেন। এই আসামি র্যাবের সদস্য বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমানী স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন।
পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় দুটি মামলা হয়। একটি মামলার বাদী নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। অপর মামলার বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।
দুটি মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৮ এপ্রিল নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। এতে দুটি মামলায় সাক্ষী করা হয়েছে ১২৭ জন করে। মামলায় গ্রেফতার রয়েছেন ২৩ জন। আর পলাতক রয়েছেন ১২ জন।
এ ঘটনায় সোমবার সকালে নূর হোসেন ও র্যাবের সাবেক সিও তারেক সাঈদসহ ২৬ জনকে ফাঁসির আদেশ দেন আদালত। বাকিদের বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয়েছে।

























































