
স্টাফ রিপোর্টার ঃ
ঢাকা বিভাগের ভূমি ব্যাবস্থাপনা সংক্রান্ত বিভাগীয় রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ভূমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম বলেছেন, ভূমি কর্মকর্মতাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে সকল ভূমি অফিসগুলোকে জনবান্ধব অফিসে পরিণত করতে হবে। নবীন সহকারী কমিশনারদের (ভূমি) বিভিন্ন কার্যকর জনবান্ধব উদ্ভাবনী পদক্ষেপগুলো বাছাই করে সারাদেশে মেগা প্রজেক্টের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
তিনি শূন্যপদ পূরণ, তহশিলদার ও সহকারি তহশিলদারদের নিয়মিত বদলি কার্যকর করার জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৫০ হাজার গৃহহীন পরিবারের জন্য গুচ্ছগ্রাম তৈরির জন্য যথোপযুক্ত খাস জমি নির্বাচন করতে বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান বলেন, ভূমি উন্নয়ন কর নিয়মিত আদায়ের জন্য অচিরেই লোকবল নিয়োগ দেয়া প্রয়োজন।
ভূমি আপীল বোর্ড চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার ভূমি সংক্রান্ত বিবিধ মামলার দীর্ঘসূত্রিতা নিরসনে এবং রেকর্ডসমূহ হালনাগাদ করার জন্য জেলা প্রশাসক , অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও সহকারি কমিশনারদের (ভূমি) আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
সম্মেলনে সহকারি কমিশনার ভূমিগণ তাদের গৃহীত উদ্ভাবনী কার্যক্রমসমূহ উপস্থাপন করেন। আশ্রয়ন , গুচ্ছগ্রাম , ভূমি রেকর্ড ও জরিপ নিয়ে গৃহীত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিভাগীয় কমিশনার জনাব হেলালুদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক সময়ে সহকারী কমিশনার ভূমি ও তহশিল অফিসগুলোতে সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ডিজিটাল ভূমিসেবা অপরিহার্য। এ লক্ষ্যে জনবান্ধব ভূমি অফিস নির্মান কার্যক্রম অব্যাহত রয়েছে। ঢাকা বিভাগে ২০১৬-২০১৭ অর্থ বছরে প্রায় ৬১ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়। এ সময়ে ভূমিহীন ১ হাজার ২৫৫ টি পরিবারের মাঝে ২৭২ একর কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান করেন। ঢাকা বিভাগে বর্তমানে ১১৫টি আশ্রয়ন প্রকল্প চলমান রয়েছে।
অনুষ্ঠানে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নূরুন্নবী, ঢাকা বিভাগের সকল জেলা সমূহের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ উপস্থিত ছিলেন ।

























































