২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও ভোটটাধিকার নিয়ে বিতর্ক তোলে বিএনপিসহ নানা মহল। তখন থেকেই সরকার বিরোধীসহ নানামূখী আন্দোলনে মাঠে নামে বিএনপিসহ বিশদল। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত টানা তিন মাসের দীর্ঘ আন্দোলন। ফলাফল, নেতাকর্মীদের ঘাড়ে শয়ে শয়ে মামলা। দলের মহসচিব-স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে নির্বাহী কমিটির সদস্য এমনকি ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী কেউই বাদ পড়েনি মামলা থেকে। একটি থেকে খালাস পেতে না পেতেই আরেকটির বোঝা মাথায়। মামলা জটিলতা থেকে দায় এড়াতে যখন মরিয়া ছাত্রদল নেতাকর্মীরা, ঠিক তখনই তাদের পাশে নেই শীর্ষ নেতারা। মিলছেনা দলীয় সহযোগীতাও। এমতাবস্থায় চরম অর্থকষ্ট ও মামলার বোঝায় মেরুদ-হীন হয়ে পড়ছে রাজপথ কাপানো বিএনপির অন্যতম ছাত্র সংগঠন ছাত্রদল। এই যখন পরিস্থিতি তখন সংগঠনটির জন্যে নতুন করে কোনো আন্দোলনে যোগ দেয়া প্রায় অসম্ভব। যা বিএনপির জন্যেও একটি বড় বাধা।
বিপুল সংখ্যা গরিষ্ট ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলেও এখন পর্যন্ত আত্মতৃপ্তি পায়নি ক্ষমতাসীনরা। তাই আগামী নির্বাচন নিয়ে কঠোর মনোযোগী ক্ষমতাসীন আওয়ামী লীগ। সব মহলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতায় ফিরতে চায় বর্তমান ক্ষমতাসীনরা। আর ভোটাধিকার ফিরে পেতে আবারো মাঠে সভা সমাবেশের চিন্তা যখন বিএনপির, তখন পাশে দাঁড়ানোর মত নেতাকর্মী পাচ্ছে না দলটি।
ছাত্রদলের মহানগর, কেন্দ্র ও তৃণমূল পর্যায়ের (নাম প্রকাশে অনিচ্ছুক) একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, চরম অর্থকষ্টে রয়েছেন ছাত্র দলের সাবেক ও বর্তমান পদধারী নেতাকর্মীরা। হামলা-মামলার তোপে স্বাভাবিক জীবনেও ফিরতে পারছেন না তারা। অনেকে অভিযোগ করে বলছেন, রাজপথে আন্দোলনের জন্যে ছাত্রদলের বিরাট ভুমিকা থাকা সত্ত্বেয় অর্থ সংকটে মামলা থেকে দায় মুক্তি পেতে হিমশিম খাচ্ছেন তারা। অথচ ত্যাগী নেতাকর্মীদের এই করুণ পরিস্থিতে অনেকেই দলীয় সহযোগীতা পাচ্ছেন না।
ছাত্রদলের বর্তমান সংকটময় পরিস্থিতি বিষয়ে জানতে চেয়ে কথা হয় ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুমের সঙ্গে। তিনি আমাদের সময় ডটকমকে বলেন, মামলা জটিলতা শুধু ছাত্রদলের জন্যেই নয়, বিএনপির জন্যেও একটা বড় অন্তরায়। বর্তমানে যেকোনো ধরণের দলীয় কার্যক্রমে আমরা আমাদের নেতাকর্মীদেরকে সঠিক সময়ে উপস্থিত করতে পারছি না। এর একটাই কারণ নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা। বিএনপির হাইকমান্ড থেকে যদি আমাদের ডাকা হয় তাহলে আমরা সঠিক সময়ে উপস্থিত হতে পারি না। কারণ দেখা যায় ঐ দিনই নেতাকর্মীদের অনেকের কোর্টে হাজীরা থাকে।
ছাত্রদলের এই নেতা আরো বলেন, বর্তমানে আমরা যারা নিয়মিত দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছি, কার্যক্রম পরিচালনা করছি তারাও প্রস্তুত আছি যেকোনো সময় আমরা মামলার শিকার হতে পারি। কারণ ছাত্রদল করতে হলে মামলার শিকার হতেই হবে নিয়মিতই এমন পরিস্থিতি সম্মূখীন আমরা হচ্ছি।
ছাত্রদল নেতারা বর্তমানে মামলা জটে প্রচন্ড আর্থিক কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহীত করছেন এবং দলীয়ভাবে কোনো সহায়তা পাচ্ছেন না- এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলীয়ভাবে আমরা পারিবারিক পর্যায়েও আর্থিকসহ নানাভাবে সহায়তা দিচ্ছি। বর্তমানে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা। আমাদের নেতাকর্মীদের এটাও বুঝতে হবে যে, বর্তমানে কোর্টগুলোও আমাদের পক্ষে না। তাই ইচ্ছা করলেই সঠিক সময়ে সবার সব মামলা থেকে মুক্ত করা সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রে আমাদের প্রত্যাশা একটু বেশি থাকে। দলীয়ভাবে ত্যাগী নেতাদের অনেকই কিছু কিছু ক্ষেত্রে হয়তো বঞ্চিত হচ্ছি। সেটাও মিথ্যা নয়। আর শত শত মামলার সম্মূখীন হতে গিয়ে অবশ্যই আমাদের একটা বড় ধরণের আর্থিক সংকটের মধ্যে পড়তে হচ্ছে।
এদিকে, ছাত্রদলকে সংগঠিত করতে পারলে বিএনপি আবারো তার আগের ধাচে ফিরে যেতে পারবে বলে মনে করছেন ছাত্রদলের সাবেক ও বর্তমান পদধারী নেতাকর্মীরা।























































