বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সত্যিই বদলে গেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৭

images

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সত্যি সত্যিই বদলে গেছে। এই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর। গতকাল বুধবার রাজধানী নয়াদিল্লিতে দ্বিতীয় রাইসিনা ডায়লগে অংশ নিয়ে এই মন্তব্য করে জয়শঙ্কর বলেন, বিশ্ব রাজনীতির পরিবর্তন ঘটছে অতি দ্রুত। তার সঙ্গে তাল মেলাতে ভারতকেও বিভিন্ন দেশ, অঞ্চল ও গোষ্ঠীর সমর্থন আদায় করতে হবে, যাদের সঙ্গে ক্রমেই সম্পর্ক গড়ে উঠেছে।

চলতি বছরটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জয়শঙ্কর তাঁর ভাষণের শুরুতেই তা স্পষ্ট করে দেন। গুরুত্বপূর্ণ হওয়ার একটা বড় কারণ মার্কিন মুলুকের রাজনৈতিক পরিবর্তন। ১৯৪৫ সাল থেকে যা দেখা যায়নি, রুশ-মার্কিন সম্পর্কে সেই পরিবর্তন অামেরিকায় পালাবদলের ফলে দেখা যেতে পারে। বদল ঘটছে ইউরোপেও।

চলতি বছরে তাই অনেক অনিশ্চয়তা, সম্ভাবনা এবং জানা-অজানা আশঙ্কা অনেক কিছুই অপেক্ষায় থাকছে। পৃথিবী যে কোনদিকে এগোবে, এই মুহূর্তে তা বলা অত্যন্ত কঠিন। এই পরিস্থিতিতে ভারতকেও তার প্রভাব ও ক্ষমতার সম্ভাবনা বাড়াতে হবে। জয়শঙ্কর এই প্রসঙ্গেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্রমোন্নতির উল্লেখ করেন।

রাইসিনা ডায়লগের উদ্বোধন করে গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতির উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার স্বপ্ন দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তোলা। এই লক্ষ্যেই যোগাযোগব্যবস্থার উন্নতি, অবকাঠামো প্রকল্প স্থাপন এবং স্থল ও সমুদ্রসীমা বিতর্কের অবসান ঘটানোর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত রাজনৈতিক বোঝাপড়া এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছে।’ প্রধানমন্ত্রীর সেই সুরে সুর মিলিয়ে পররাষ্ট্রসচিব জয়শঙ্কর গতকাল বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গেও ভারত উন্নততর বোঝাপড়ার পথে এগিয়েছে। এ জন্য প্রচেষ্টায় কোনো ঘাটতি রাখা হয়নি। কখনোসখনো এই প্রচেষ্টায় বাধা যে অাসেনি, তা নয়। কিন্তু থেমে না গিয়ে লক্ষ্যে পেঁৗছাতে আমরা সচেষ্ট থেকেছি। ওই সব বাধা আমাদের থামাতে পারেনি। এই নিরলস প্রচেষ্টার কারণেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে সত্যি সত্যিই বদল এসেছে।’

পররাষ্ট্রসচিব তাঁর ভাষণে সার্ক প্রসঙ্গেরও উল্লেখ করেন। পাকিস্তানের নাম না করে তিনি বলেন, একটি দেশের নিরাপত্তাহীনতায় সার্ক অকার্যকর হয়ে রয়েছে। উপ-আঞ্চলিক গোষ্ঠীবদ্ধতার মধ্য দিয়ে সেই অকার্যকরতা কাটানোর চেষ্টা করা হচ্ছে। বিমসটেক বা ব্রিকস ক্রমেই সার্কের বিকল্প হয়ে উঠবে কি না সেই বিতর্ক বেশ কিছুদিন ধরেই চালু আছে। জয়শঙ্কর সেই বিতর্কে না ঢুকেও বলেন, সার্কের মধ্য দিয়ে যা সম্ভব হয়নি, বিবিআইএন মোটর চলাচল চুক্তির মধ্য দিয়ে আংশিকভাবে তা মেটানোর চেষ্টা হচ্ছে। তাঁর আশা, বাংলাদেশসহ বিমসটেকের সদস্যদেশগুলোর মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে, তা আরও গুরুত্বপূর্ণ আঞ্চলিক উদ্যোগে পর্যবসিত করা যেতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি