মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বার্সার কোর্টেই বল ঠেলেছেন মেসি!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৭

index

পূর্বাশা ডেস্ক:

লিওনেল মেসির চুক্তি নিয়ে বার্সেলোনায় এখন অস্বস্তিকর পরিবেশ। কয়েক দিন আগে আর্জেন্টাইন তারকাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করে পদও খুইয়েছেন ক্লাবের এক পরিচালক। চুক্তি নিয়ে যত সময়ক্ষেপণ হচ্ছে, গুঞ্জন বাড়ছে ততই। এ নিয়ে ক্লাবের পক্ষ থেকে একাধিকবার আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হলেও ভক্তরা আশ্বস্ত হতে পারেনি। মেসিও তো এত দিন মুখ খোলেননি এই ইস্যুতে। অবশেষে সেই কৌতূহল মিটিয়েছেন তিনি পরশু ‘কোচ’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে। সেখানে আবারও বার্সা প্রেমের কথাই বলেছেন তিনি, তবে চুক্তির ব্যাপারে বল ঠেলেছেন ক্লাবের কোর্টেই, ‘আমি আগেও বলেছি, বার্সা থেকেই আমি সব পেয়েছি। আমি বার্সেলোনাতেই থেকে যেতে চাই, যত দিন ক্লাব চাইবে। ’

ক্লাবের চাওয়া ও মেসির চাওয়া এত দিন এক বিন্দুতেই মিলেছিল। মেসির এই মন্তব্যের আগে ক্লাবের বিবৃতিগুলোতেও সেই পুরনো মনোভাবের কথাই ফুটে উঠেছে। তার পরও চুক্তি নবায়ন নিয়ে কেন জটিলতা, সেটি এখনো ধোঁয়াশাই হয়ে রইল। ‘কোচ’কে দেওয়া সাক্ষাত্কারেও এর বাইরে কিছু বলেননি। বরং কথা বলেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। রোনালদো এ বছরই নিজের চতুর্থ ব্যালন ডি’অর জিতে লিওনেল মেসির পাঁচবারের সেই অর্জন ছোঁয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন। এ বছর ব্যালন ডি’অর, ফিফার ‘দ্য বেস্ট’ থেকে শুরু করে শ্রেষ্ঠত্বের সব পুরস্কারই রোনালদোর ঝুলিতে। তা মাঠে মেসিকে কতটা তাতায়? এমন প্রশ্নে অবশ্য বৈরিতার উনুন একেবারেই নিভিয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা, ‘আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। আমি খেলি বার্সেলোনা, আর্জেন্টিনা আর আমার ভক্তদের জন্য; অন্য কিছু নয়। ’ রোনালদোকে বরং বড়মাপের খেলোয়াড় হিসেবেই তাঁর মূল্যায়ন। পর্তুগিজ তারকার অর্জনগুলোকেও পূর্ণ সম্মান দেখিয়েছেন মেসি, ‘রোনালদো অসাধারণ একজন খেলোয়াড়। তাঁর অর্জনগুলোই তাঁর হয়ে কথা বলবে। ’ কালই অবশ্য এই সাক্ষাত্কার নিয়েই ধোঁয়াশা তৈরী হয়েছে। মেসি ‘কোচ’এর মুখোমুখি হয়েছিলেন বার্সেলোনার পক্ষ থেকেই তা অস্বীকার করা হয়েছে বলে খবর। তবে কাতালান ক্লাবটি কোন বিবৃতি দেয়নি। ‘কোচ’কে দেওয়া এ সাক্ষাত্কার মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মেসির বাবাও। গোলডটকম



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি