বিয়ের লগন নিয়ে সিএনজি যোগে যাওয়ার পথে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২ মাইলে ট্রাক-সিএনজি মুখোমুখী সংঘর্ষে মাসুম লাল (২৭) ও বিজয় লাল (৩০) নামের ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে জয়নাল ও সেবা নামের আরো ২ জন। বুধবার রাত ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইল নামক স্থানে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাতে কুষ্টিয়া শহরের বড়বাজার চৈতন্য পল্লী থেকে বিয়ের লগন নিয়ে সিএনজি যোগে ঈশ্বরদী যাচ্ছিলেন বিজয় লাল, মাসুম লাল, ও সেবা। ভেড়ামারা বারোমাইল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে সবাই রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মাসুম লাল (২৭) নিহত হন। পরে স্থানীয়রা সিএনজি চালক জয়নাল, বিজয় লাল ও সেবাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে। চিকিৎসাধীন অবস্থায় বিজয় লাল (৩০) মারা যায়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর জব্বার হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ২ জনের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বিজয় লাল বড় বাজার চৈতন্য পল্লীর ইন্দোলালের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লিনার পদে কর্মরত ছিলেন এবং নিহত মাসুম লাল একই এলাকার মুন্না লালের ছেলে। তিনি কুষ্টিয়া ওজোপাডিকোতে ক্লিনার পদে কর্মরত ছিলেন।
























































