অনিরাপদ পানি পান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আঠারো হাজার শিক্ষার্থী। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তারা। বিষয়টি যারা জানছেন তারাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
জানাগেছে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ওয়াসার বসানো একটি মাত্র পানির পাম্প দিয়ে সংযোগ করে রাখা হয়েছে ক্যাম্পাসের ছয়টি রিজার্ভ ট্যাংক। এছাড়াও বিভিন্ন বিভাগের ছাদে থাকা ছোট পানির ট্যাঙ্কের অধিকাংশেরই মুখ খোলা। ফলে প্রায়শই এসব পানির ট্যাঙ্কে পাখি গোসল করে।
জবি ক্যাম্পাসে পানি সরবরাহের কাজে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে খোঁজ নিয়ে এ পানি কতটুকু পানযোগ্য এর কোনো তথ্য পাওয়া যায়নি। কেউ বলতেও পারেননি ক্যাম্পাসে সরবরাহকৃত পানির কখনও কেমিক্যাল পরীক্ষা করানো হয়েছে কিনা?
জানা যায়, জবি’র প্রথম ভিসি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পানি বিশুদ্ধকরণ যন্ত্র বসিয়ে ছিলেন। এরপর আর কোন রকম খবর নেওয়া হয়েছিল কিনা তাও জানা নেই সংশিষ্ট কর্মকর্তাদের ।
এ বিষয়ে সচেতন এবং প্রবীন অনেক শিক্ষক-শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, সেসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পানি বিশুদ্ধকরণ যন্ত্র বসানোর কারণ ছিল, এ পানি খাবার জন্য সম্পূর্ণ নিরাপদ নয়। যদি নিরাপদ হতো তাহলে সে সময় একই সঙ্গে এতগুলো বিভাগে কেন পানি বিশুদ্ধকরণ মেশিন বসানো হয়েছিল কেন? তবে বর্তমান পানি বিশুদ্ধকরণের ওই মেশিনগুলোও নেই।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্নস্থানে বসানো পানির ট্যাপ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। নেই নিয়মিত পরিচর্যা। মনে হয়, বস্তিতে অবস্থিত পানির ট্যাপ। তবে অধিকাংশ বিভাগীয় চেয়ারম্যান শিক্ষক, ভিসি, রেজিস্ট্রার, ট্রেজার ও দফতর প্রধানদের জন্য পানি বিশুদ্ধকরণ যন্ত্র রয়েছে।।
ভাষা শহীদ রফিক ভবনে গত সাতদিন পানি,সরবরাহ বন্ধ ছিল ।যার ফলে বাংলা, ইতিহাস ও ইসলামিক ইস্টাডিজ বিভাগেরে টয়েলেটগুলোর অবস্থা ছিলা ভয়াবহ নাজুক । এ ভবনের ছাদে অবস্থিত অাবার ছোট তিনটি পানির ট্যাঙ্কের ঢাকনা চুরি হয়েছে দীর্ঘদিন ধরে ।
এছাড়াও বিভিন্ন বিভাগে বা ভবনে পানি থাকে না। প্রশাসনকে বার বার জানালেও কোন লাভ হয়না বলে অভিযোগ করেছেন এসব বিভাগ ও ভবনের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টরা।
এসব সমস্যা সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সুকুমার চন্দ্র সাহা বলেন, পানিতে কোন ধরনের সমস্যা হওয়ার কথা না, তবে কোন সমস্যা দেখা গেলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তবে বিস্তারিত জানতে সহকারী প্রকৌশলীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী মো. শামীম হোসেন বলেন, শিক্ষার্থীরা যেসব পানি ব্যবহার করেন তা মাটির অনেক গভীর থেকে উত্তোলন করা হয় তাই তাতে কোন ব্যাকটেরিয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বিশ্ববিদ্যালয়ে পানি সরবরাহের সারফেস লাইন ও মলমূত্র স্থানান্তরের লাইন, সুয়ারেজ ড্রেন এক হওয়ার সম্ভাবনা কম। তবে অধিকাংশ ট্যাংকে ঢাকনা না থাকায় সেখানে হয়ত কিছুটা পানিদূষণ হলেও হতে পারে।
ক্যাম্পাসের পানি নিয়ে কোন বিশুদ্ধকরণ পরীক্ষা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমার জানামতে এমন কোন তথ্য নাই কিংবা সম্ভবত কোনো ডাটা করা হয়নি।
পানি বিশুদ্ধ করণ পরীক্ষার প্রয়োজন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই করা উচিৎ। কারণ কতটুকু নিরাপদ পানি আমরা পান করছি তার একটা পূর্ণাঙ্গ ডাটা থাকা দরকার। এটা নিঃশন্দেহে একটা ভালো প্রস্তাব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান জাগো নিউজকে বলেন, আমার কাছে ক্যাম্পাসের পানি নিয়ে তেমন কোন তথ্য নেই। এটা দেখেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতর। আমার জানামতে এমন কোন বিশুদ্ধকরণ পরীক্ষা করা হয়নি।
তবে ক্যাম্পাসের এ পানি যেহেতু সবাই পান করেন সে জন্য আমাদের উচিৎ দ্রুত একটা ভালো মানের পরীক্ষা করানো।


























































