‘ফিউচার ইন মোশন’ স্লোগান নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১ থেকে ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বেসরকারি খাতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রদর্শনী বেসিস সফটএক্সপো।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে ১০টির বেশি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, টেকনিক্যাল সেশনের মধ্যে রয়েছে, এপিআই এক্সচেঞ্জ, ক্রস প্লাটফর্ম গেইম ডেভেলপমেন্ট, এনক্রিপশন অন ক্লাউড ডেটা, মোবাইল ও গেইমিং অ্যাপ্লিকেশন ইউআই/ইউএক্সের গুরুত্ব, স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তা, ক্লাউড সার্ভার ব্যবস্থাপনার সহজ কৌশল, অনলাইন পেমেন্ট সহজীকরণের মাধ্যমে ব্যবসায় উন্নয়ন ও গ্রাহকসেবা বাড়ানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স/বাংলা করপ্লাস, ব্যবসায় উন্নয়নে ডিজিটাল মার্কেটিং ও অ্যাকাউন্টিং বিপিও : সুপ্ত সম্ভাবনা শীর্ষক বিষয়গুলো।
এসব টেকনিক্যাল সেশনে সরকারি-বেসরকারি নীতিনির্ধারক, সংশ্লিষ্ট বিষয়ে দেশি-বিদেশি অভিজ্ঞ আলোচক উপস্থিত থাকবেন। আগ্রহী যে কেউ অনুষ্ঠানস্থলে কিংবা অনলাইনে নিবন্ধন করে বিনামূল্যে টেকনিক্যাল সেশনে অংশগ্রহণ করতে পারবেন।

























































