দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত দুই ছেলে, স্ত্রী ও নাতির মৃত্যুর অনুমতি প্রার্থনা করে জেলা প্রশাসক বরাবর পত্র দিয়েছেন মেহেরপুরের এক ব্যক্তি। এরকম বিরল আবেদন পেয়ে আঁতকে উঠেছিলেন মেহেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হাসান। কম্পিউটার টাইপ করে লেখা আবেদন পত্রটির বিষয় ছিলো ‘দুরারোগ্য রোগে আক্রান্ত দুই ছেলে, স্ত্রী ও নাতির মৃত্যুর অনুমতি পত্র’।
গত বৃহস্পতিবার এমন আবেদনপত্রটি জেলা প্রশাসকের হাতে পৌঁছায়। সঙ্গে সঙ্গেই তিনি যোগাযোগ করেন আবেদনকারী তোফাজ্জেল হোসেনের সঙ্গে।
জানা যায়, তোফাজ্জেল হোসেন মেহেরপুর বাজারে একটি দোকানের মালিক। অসুস্থ দুই ছেলে ও নাতির সুস্থতার জন্য তাও খুইয়েছেন। তারা পক্ষাঘাগ্রস্ত, অচল-প্রায়। এ অবস্থায় ২৪ বছর বয়েসী বড় ছেলেটির বেঁচে থাকবার আশা ছেড়েই দিয়েছেন তিনি। তবে ছোট ছেলে ও নাতির অবস্থা তুলনামূলক ভালো আশাব্যঞ্জক বলে এখনো তাদের বাঁচানোর স্বপ্ন মোফাজ্জেলের।
সর্বশেষ বাজারের দোকানটি বেচে বড় ছেলে সবুরকে ভারতে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা জানিয়েছিল, সে বিরল এক ধরণের ‘মাসকুল্যার ডিসট্রোফি’ বা মাংসপেশিতে পুষ্টির অভাবজনিত অসুখে আক্রান্ত এবং এর চিকিৎসা তাদের কাছে নেই।
চলার ক্ষমতা এরই মধ্যে হারিয়েছে বড় ছেলে সবুর। হারানোর পথে রয়েছে তের বছর বয়েসী ছেলে রায়হানুল ও আট বছর বয়েসী নাতি সৌরভ। অন্যদিকে স্ত্রীও মানসিক রোগে আক্রান্ত। ফলে অন্নসংস্থানের পাশাপাশি এদের দেখভালের কাজও করতে হচ্ছে মোফাজ্জেল হোসেনকে।
তোফাজ্জেল হোসেন বিবিসি বাংলাকে বলেন, ‘কী করব বলুন? বড়টাকে আজ চৌদ্দ বছর ধরে টেনে নিয়ে বেড়াচ্ছি। আর পারছি না। সকলেই শয্যাগত হয়ে গেছে। আমরা আর কতদিন টানবো বলেন? এছাড়াতো কোন বিকল্প পথ আমার আর নেই’।
এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল বলেন, ‘চিঠি পেয়ে তোফাজ্জেল হোসেনকে আমি ডেকে পাঠিয়েছি। তার সমস্যা শুনেছি। তার বাড়ি গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখেও এসেছি’।
পযরঃযর (২)
চিঠির বিষয়বস্তুতে পরিবারের সদস্যদের মৃত্যু চাওয়ার কথা বললেও, মূলত তোফাজ্জেল হোসেন তাদের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন উল্লেখ করে খায়রুল জানান, ‘অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি এসব লিখেছেন। সরকারি কর্মকর্তা হলেও আমিতো একজন মানুষ! কান্নাকাটি দেখে, আমারও মনে হয়েছে ওনার জন্য আমার ব্যক্তিগতভাবেও যদি কিছু করার থাকে সেটা করা উচিত’।
পরিস্থিতি বিচার করে বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে। তোফাজ্জেল হোসেনের ছেলে ও নাতিদের চিকিৎসার কাগজপত্র সেখানে পাঠানো হচ্ছে। তাদের ব্যাপারে সরকারী তরফে কি করণীয় আছে সেটা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন খায়রুল হাসান।
এরই মধ্যে তার এই আবেদনের খবর বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ায় বহু মানুষ তার খবর নিচ্ছেন এবং পাশে দাঁড়াতে চাইছেন। বিদেশ থেকেও লোকজন ফোন করে তাদেরকে আর্থিক সহায়তা দিতে চাইছেন। বিবিসি বাংলা থেকে আংশিক সম্পাদিত।
























































