জাকির হোসেন হাজারি,দাউদকান্দিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় হাওয়া বেগম (৩০) নামের এক গৃহবধূকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাঈদ নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (২২ জানুয়ারী) সন্ধ্যায় পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করেছে।
নিহত গৃহবধূ তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের সৌদি প্রবাসী আমীর হোসেনের স্ত্রী এবং দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের চমকখোলা গ্রামের মৃত. মোর্শেদ মিয়ার মেয়ে।
একই গ্রামের সুনো মিয়ার পুত্র সাঈদকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্র জানান, হাওয়া বেগমের পরিবার বিয়ের সময় শশুর বাড়ির লোকদের দেড় লাখ টাকা যৌতুক প্রদান করে। বিয়ের পর হাওয়া বেগমের স্বামী বিদেশ চলে যায়। পরে শ্বাশুড়ী বানু বেগম, ননদ রুবী আক্তার এবং বাশুরের ছেলে শামীম যৌতুকের জন্য প্রায় নির্যাতন করত। পরে শশুর বাড়িতে নতুন ভবন নির্মাণের জন্য হাওয়া বেগম নিজ বাড়ি থেকে ৮ লাখ টাকা এনে দেয়। কিন্তু নতুন ভবন নির্মাণ করার পর গৃহবধূ হাওয়া বেগমকে ওই ভবনে বসবাস করতে দেওয়া হত না। উল্টো ঘরের জন্য নতুন ফার্ণিচার কিনতে আবার টাকার জন্য চাপ দেওয়া হয় হাওয়া বেগমকে। গৃহবধূ হাওয়া বেগম বাপের বাড়ি থেকে টাকা আনতে রাজি না হওয়ায় তাকে শারীরিক নির্যাতন করে হত্যা করে বাড়ির পাশের রাস্তার মরদেহ ফেলে বাড়িতে তালা মেরে সবাই পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গৃহবধূর মা পরশী বেগম জানান, মেয়ের সুখের জন্য বিয়ের সময় দেড় লাখ টাকা দিয়ে জামাতাকে বিদেশ পাঠাই। বাড়িতে দালান নির্মাণ করার সময় আরোও ৮ লাখ টাকা দিয়েছি। আর সেই দালানের মধ্যে আমার মেয়েকে থাকতে না দিয়ে অনেক নির্যাতন করত। আবার দালান সাজানোর জন্য ফার্ণিচারের টাকার জন্য নির্যাতন করে আমার মেয়েকে দিন দুপুরে হত্যা করেছে। আমি তাদের বিচার চাই।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, লাশের ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে। তবে ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।


















































