শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৭

024018Nasrul-Hamid_Kalerkantho_pi

পূর্বাশা ডেস্ক:

আন্তর্জাতিক সংগঠন ও মহলের সমালোচনা সত্ত্বেও রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ বন্ধ করবে না সরকার। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ক আর্থিক চুক্তি সম্পন্ন হবে।

 শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য প্রেস  অনুষ্ঠানে এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, যেদিন আবেদন করা হবে সে?দিনই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে এ প্রক্রিয়ায় বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা জানান তিনি।

আন্তর্জাতিক সংগঠন ও পরিবেশবাদীদের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘তাদের বক্তব্য আমরা শুনছি, তাদের সঙ্গে আলোচনা করছি। আমরা প্রকল্পের কাজও চালিয়ে যাব। ’

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যাঁরা সমালোচনা করছেন তাঁরা এ কয়লা ব্যবহার করেই উন্নত হয়েছে। এখন তাঁরা নবায়নযোগ্য জ্বালানির কথা বলছে। মাথাপিছু আয়, বিদ্যুতের ব্যবহার—এসব বিষয়ে তাঁদের সঙ্গে বাংলাদেশের আকাশ-পাতাল পার্থক্য। তিনি বলেন, ‘কয়লা আমাদের ব্যবহার করতেই হবে। ’

নসরুল হামিদ জানান, বর্তমান বিশ্বে ক্লিন কোল টেকনোলজি ব্যবহার করা হয়। এ প্রযুক্তি ব্যবহার করেই মাতারবাড়ী, পায়রা ও রামপালে কয়লা-বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পরিবেশবাদীদের ধারণা পাল্টে যাবে। গ্যাসের সংকট মোকাবিলায় আবাসনে এলপিজি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে বলে তিনি জানান। এ জন্য এলপিজি নীতিমালা করা হয়েছে। আগামী মাসে এর প্রজ্ঞাপন জারি করা হবে। মূল্য নিয়ন্ত্রণের নীতিমালাও করা হচ্ছে। এ বছরই এটি চূড়ান্ত করা হবে।

তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রসঙ্গে নসরুল হামিদ বলেন, সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে জরিপ করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব একেবারেই নতুন। তবে সিদ্ধান্তহীনতার কারণে এসবের বাস্তবায়ন পিছিয়ে পড়ছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রায় ৬৫ শতাংশ বিদ্যুৎ উত্পাদন করছে প্রাকৃতিক গ্যাস থেকে। ফলে বিদ্যুৎকেন্দ্র থেকে কার্বন নিঃসরণ কম হচ্ছে। এ জন্য কার্বন ক্রেডিট পেতে পারে বাংলাদেশ। অনেক দিন ধরেই আলোচনা চলছে, তবে এখনো কার্বন ক্রেডিট নেওয়ার বিষয়ে সরকার উদ্যোগ নিতে পারেনি। শিগগির উদ্যোগ নেওয়া হবে।

নসরুল হামিদ জানান, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনবে বাংলাদেশ। ভারতের ভূমি ব্যবহার করে এ বিদ্যুৎ আনা হবে। সম্প্রতি ভারত এ বিষয়ে সম্মতি দিয়েছে। আগামী মাসে নেপালের সঙ্গে চুক্তি হবে। সেখানে জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগ করবে বাংলাদেশ। সেই বিদ্যুৎ আনা হবে। এ ক্ষেত্রে দাম অনেক কম পড়বে।

জ্বালানি তেলের দাম কমানোর কোনো সিদ্ধান্ত নেই সরকারের, এ কথা আবার জানালেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দাম কমানোর প্রস্তাব করেছিলাম। বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার কারণে সে প্রস্তাব গৃহীত হয়নি। ’ মন্ত্রণালয়কে পেপারলেস করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকে বললে কালকেই তো করা সম্ভব নয়। এর জন্য অফিসের লোকদের কাউন্সেলিং করতে হচ্ছে। কনসালট্যান্ট কাজ করছে। তিন বছরের মধ্যে টোটাল ইআরপি হয়ে যাবে। ’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউ সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী।

আল গোরের উদ্বেগ বাস্তবসম্মত নয়

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের উদ্বেগ বাস্তব তথ্যের ভিত্তিতে নয় বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, এই বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে ইন্টারনেটে প্রচারণা চলছে। তাই দেখে প্রভাবিত হয়েছেন নোবেলজয়ী এই পরিবেশবাদী।

প্রসঙ্গত, কয়েক দিন আগে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ প্রসঙ্গে কথা তোলেন আল গোর।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে কাজ করছেন আল গোর। তাঁর উদ্বেগের কথা শুনে প্রধানমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেন এবং বাংলাদেশে এসে সরেজমিনে প্রকল্পটি দেখার আহ্বান জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি