ডেস্ক রিপোর্টঃ
সারাদেশে জামায়াত নিয়ন্ত্রণ ও নেতাদের ব্যক্তি মালিকানাধীন সব প্রতিষ্ঠান হাতছাড়ার সম্ভাবনা রয়েছে! সম্প্রতি ইসলামী ব্যাংক সরকার কর্তৃত্ব নেয়ার পর থেকে এ ধরনের আভাস লক্ষ করছেন নেতারা। এমনটি জানিয়েছেন মাঠ পর্যায়ের নেতারা।
যুদ্ধাপরাধের অভিযোগে বিগত দিনে জামায়াত নেতাদের আটক অবস্থায় বিচার চলাকালীন তাদের মদদপুষ্ট অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বাজেয়াপ্ত করে তা জাতীয়করণের দাবি করে আসছিলেন দেশের অর্থনীতিবিদ, প্রগতিশীল ব্যক্তি, জামায়াতবিরোধী আলেম-ওলামা ও একশ্রেণীর পীর মাশায়েখ, রাজনীতিবিদসহ বিভিন্ন বিশিষ্টজনসহ সাধারণ জনগণ। তাদের মধ্যে অন্যতম ব্যক্তিরা হচ্ছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনীতিবিদ আবুল বারকাত, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, লেখক মুনতাসীর মামুন, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল এমপি, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার প্রমুখ।
এদিকে ২০১৩ সালের ৫ মার্চে একটি সেমিনারে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছিলেন, জামায়াত নিষিদ্ধের সঙ্গে সঙ্গে তাদের আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। ২০১৪ সালের ৩০ জুলাই আরেকটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছিলেন, জামায়াত-শিবিরের মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রেখে বাংলাদেশে জঙ্গিবাদ উৎখাত সম্ভব নয়। তিনি সে সময়ে আরো বলেছিলেন, সবাই মিলে যদি আমরা আন্দোলন আর মাঠে ঝাঁপিয়ে পড়ি তাহলে এদেরকেও রোধ করতে পারব।
সম্প্রতি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে দলটির শীর্ষ অনেকের মৃত্যুদণ্ড কার্যকর, অনেকের সাজা হয়ে জেলখানায় বন্দি, আবার কয়েকজন বিচারের চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছেন। এমন অবস্থায় দলটির আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় ধরনের রদবদলের পর বিশিষ্ট ব্যক্তিদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে এমনটি মন্তব্য করেছেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ। মানবকণ্ঠকে তিনি বলেন, দেরিতে হলেও সরকার সন্ত্রাস ও জঙ্গি মদদদাতা স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিয়েছেন। এ জন্য সাধুবাদ জানাই। তিনি আরো বলেন, দলটিকে শিগগিরই নিষিদ্ধ করতে হবে এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিচার করে শাস্তি দিবে হবে। একই সঙ্গে সারাদেশে জামায়াত-শিবিরের নিয়ন্ত্রণে থাকা সব প্রতিষ্ঠান ও নেতাদের মালিকানাধীন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিয়ে সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।
এই রদবদলের প্রভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা দলটির জাতীয় প্রতিষ্ঠানসহ সারাদেশে জামায়াতের মফস্বল নেতাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির দায়িত্বে আসতে পারেন এমন ধারণা কাজ করছে জামায়াতের চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে কারো কারো। এ আশঙ্কা থেকে অনেক জামায়াত নেতা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের নাম পরিবর্তন, ব্যবসায়িক শেয়ার তুলে নিচ্ছেন বলেও একটি গোপন সূত্র নিশ্চিত করেন। অপর দিকে সারাদেশে জামায়াত নিয়ন্ত্রিত স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, একাডেমি, প্রকাশনা প্রতিষ্ঠান, রেকর্ডিং সেন্টার, কোচিং সেন্টার, ব্যবসায়িক প্রতিষ্ঠান, এনজিও, ট্রাস্ট, সমবায় সমিতি, প্রপার্টিজ কোম্পানি ও ফার্মেসির মালিকদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ শুরু হয়েছে। এমন তথ্য জামায়াতের কয়েকটি জেলার নেতাদের।
এ ছাড়া যেসব জামায়াত নেতার সঙ্গে দীর্ঘদিন যাবৎ ব্যবসায়িক পার্টনার হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের সম্পর্ক ছিল তারাও এখন এড়িয়ে চলছেন বলে জানান কুমিল্লা জেলার এক রোকন। তিনি বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তনের পর জামায়াত নেতাদের মধ্যে কেয়ামত শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম জামায়াতের একজন সক্রিয় কর্মী বলেন, অনেক কষ্টে একটি প্রতিষ্ঠান গড়লাম। দেখা যাচ্ছে, সঠিকভাবে পরিচালনা করতে পারব না। কারণ কি জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার এলাকার স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ নেতারা বলেন, আপনার প্রতিষ্ঠানটির সরকার মালিক হবে। তাই এই প্রতিষ্ঠান থেকে আপনাকে সরে যেতে হবে। কোন ধরনের প্রতিষ্ঠান জানতে চাওয়া হলে তিনি বলেন, একটি ইংলিশ মিডিয়াম স্কুল।
জামায়াতের প্রতিষ্ঠানগুলো সরকারের নিয়ন্ত্রণের ব্যাপারে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম রিজভী বলেন, জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরো আগেই সরকারের নিয়ন্ত্রণে নেয়ার দরকার ছিল। দেরিতে হলেও ইসলামী ব্যাংককে নিয়ন্ত্রণে নেয়ায় সরকারকে সাধুবাদ জানাই। পাশাপাশি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল সরকারের নিয়ন্ত্রণে আনার জন্য জোর দাবি জানাই।
এদিকে যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর সারাদেশে জামায়াতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি নজর রাখছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। অতীতে এসব শিক্ষাপ্রতিষ্ঠান শুধু জামায়াত নেতাদের কর্তৃত্বে পরিচালনা হতো। অন্য কোনো রাজনৈতিক দলের ব্যক্তি বা সমাজের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানের দায়িত্বে যাওয়ার সুযোগ পেত না। সেসব প্রতিষ্ঠানে নিজেদের ইচ্ছামতো আইন প্রণয়ন করে আধিপাত্য বিস্তার ও অর্থনেতিক সুবিধা হাতিয়ে নিতেন দলটির স্থানীয় নেতারা। এ ছাড়া অতীতে আরো দেখা গেছে, স্থানীয় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, ডিসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের কৌশলে হাতে রেখে দোদার এসব কর্মকাণ্ড করছেন জামায়াত নেতারা।
এখন দেখা যাচ্ছে, অধিকাংশ প্রতিষ্ঠানে দলটির দায়িত্বশীল নেতারা কর্তৃত্ব হারানোর ভয়ে কৌশলী অবস্থান নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতা অথবা একই দলের এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র ও কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছে টেনে দেশের কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকের দায়িত্ব দিয়েছেন। এতে তারা সুযোগটি লুফে নেন। সম্প্রতি ইসলামী ব্যাংকে বড় ধরনের রদবলের পর সারাদেশের জামায়াত নিয়ন্ত্রণকৃত সব ধরনের পরিচালনা প্রতিষ্ঠানগুলোর কর্তাদের মধ্যে এক ধরনের হতাশার পাশাপাশি শঙ্কা রয়েছেÑ তাদের কাছ থেকে শিগগিরই প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব হাতছাড়া হয়ে যাবে।
এ ব্যাপারে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহিদুল আলম রিজভী বলেন, জামায়াতের প্রতিষ্ঠানগুলোর টাকা বিগত সময়ে হরতাল, অবরোধ ও পেট্রলবোমা হামলায় ব্যবহার হয়েছে। এসব প্রতিষ্ঠানের লাগাম এখনই সরকারকে টেনে ধরতে হবে। নতুবা আগামীতে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের জোগান দেবে তারা।
অবশেষে দেশের জনগণের দাবির মুখে সরকার জামায়াতের আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিচ্ছে- এ প্রসঙ্গে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী জামায়াতের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার হবে জানিয়ে বলেন, শিগগিরই তাদের সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করা হবে। তিনি বলেন, দলটির শীর্ষ নেতাদের বিচার কার্যকরের পর তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে নিতে হবে।


























































