শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সরকার ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : মওদুদ


সরকার ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : মওদুদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৭

 277353_1

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তাদের সেই নির্বাচন আর করতে দেয়ার সুযোগ দেয়া যাবে না। এমন নির্বাচন করতে হবে যে নির্বাচনে গত বছরগুলোতে যে দুঃশাসন হয়েছে এর বিরুদ্ধে জনগণ তাদের রায় দিতে পারবে।

রোববার বিকেলে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে অালোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।

মওদুদ আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছেন। আশাকরি এর পাশাপাশি নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়েও অালোচনার উদ্যোগ নিতে হবে। এটাকে তত্ত্বাবধায়ক বলেন আর সহায়ক বলেন একটা হতেই পারে।

তিনি বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকারে এমন ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে যাদের রাজনৈতিক কোনো অভিলাষ থাকবে না। যারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবেন।

বিএনপি এক বছর ধৈর্যের পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, চলমান সংকটের সমাধান শান্তিপূর্ণ না হলে বিএনপির আন্দোলনের বিকল্প থাকবে না। কোনো সরকারই শেষ সরকার নয়। আজ না হয় আগামী বছর, আগামী বছর না হয় তারপরের বছর ক্ষমতা ছাড়তেই হবে। কারণ গণতান্ত্রিক রাজনীতির পরিবর্তন হবেই।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনবো। হারানো মূল্যবোধ ফিরিয়ে দিয়ে নতুন মূল্যবোধ সৃষ্টি করবো।

যুবদলের সভাপতি সাইফুল অালম নীরবের সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিব বাদরু, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মজনু, উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি