মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ক্রিকেটার সানির বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুকের মামলা


ক্রিকেটার সানির বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুকের মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০১৭

277579_1
ডেস্ক রিপোর্টঃ

ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুকের মামলা করেছেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। সোমবার ঢাকা মহানগর হাকিম রায়হান আহমেদের আদালতে তিনি মামলাটি করেন। মামলায় সানির মা নার্গিস আকতারকেও আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সানির প্রতি সমন জারি করেছেন।

বাদীর আইনজীবী রফিকুল ইসলাম জুয়েল পরিবর্তন ডটকমকে নিশ্চিত করে জানান, সানির মাকে আদালত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। শুধুমাত্র সানিকে আসামি করে সমন জারি হয়েছে।

গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন নাসরিন সুলতানা। এ সময় বিয়ের একটি কাবিননামাও পেশ করেন বাদী। আদালতে দাখিল করা কাবিন নামায় দেখা যায়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর পাঁচ লাখ এক টাকা দেনমোহরে আরাফাত সানির সঙ্গে নাসরিনের বিয়ে হয়।

কাবিননামায় আরাফাত সানির বয়স দেয়া হয়েছে ২৮ বছর আর কনের নাসরিন সুলতানার বয়স দেওয়া হয়েছে ২১ বছর।

ওই কাবিননামায় কনের উকিল হিসেবে নাম দেওয়া আছে মো. মঞ্জুর হোসেন এবং উকিলের স্বাক্ষী মনিরুল ইসলাম। নাসরিন সুলতানার বাবার নামও দেওয়া আছে মনিরুল ইসলাম।

রোববার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমারের আদালতে নাসরিন সুলতানার আইনজীবী রফিকুল ইসলাম জুয়েল এ কাবিননামা দাখিল করেন। মামলার পরিপ্রেক্ষিতে আরাফাত সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ মামলায় আরাফাত সানি বর্তমানে কারাগারে রয়েছেন।

এদিকে সানির আইনজীবী জুয়েল আহম্মেদের দাবি— নাসরিনের এই বিয়ের কাহিনী মিথ্যা ও সৃজিত।

তিনি আরও বলেন, ‘সানি ৭ বছর আগে অন্য মেয়েকে বিয়ে করেছেন।’ তবে আইনজীবী জুয়েল ওই বিয়ের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

থানা সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি নাসরিন সুলতানা মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছেন। বাদীর দাবি, সানির সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক আছে। প্রায় সাত বছর আগে আরাফাতের সঙ্গে তার পরিচয় হয়। এর সূত্র ধরে দুজনের মধ্যে যে ঘনিষ্ঠতা হয়, তার একপর্যায়ে পরষ্পরকে ভালোবেসে ২০১৪ সালের ৪ ডিসেম্বর তারা বিয়ে করেন। কিন্তু বিষয়টি তারা অভিভাবকদের জানাননি।

সানি তাদের অন্তরঙ্গ কিছু ছবি ফেসবুকসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন। তাই তিনি মামলা করেছেন। পুলিশ সেই মামলার প্রাথমিক তদন্ত শেষে পুলিশ সত্যতা পাওয়ায় আরাফাত সানিকে গ্রেফতার করে আদালতে পাঠায় এবং একদিনের রিমান্ডে আনে।

এদিকে পরিবর্তন ডটকমের আদালত প্রতিবেদকের কাছে নাসরিন সুলতানা বলেন, দুই বছর আগে নাসরিন সুলতানাকে বিয়ে করেন ক্রিকেটার আরাফাত হোসেন সানি। বিয়ের পর গত বছর তাকে নিয়ে থাইল্যন্ড বেড়াতে যান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি