ডেস্ক রিপোর্ট ঃ
জেলায় জেলায় ঘুরে বিয়ে করাই নেশা ইয়াসিনের। একে একে ২৭টি বিয়ে করেন। আরো বিয়ে করার ইচ্ছা ছিল তার। কিন্তু তার আগেই ধরা পড়ে গেলেন। ২৫তম স্ত্রী শেফালী আকতার তানিয়ার মামলায় গ্রেপ্তার করা হয় বিয়েপাগল ইয়াসিন বেপারিকে (৪৬)। গতকাল ২৭তম স্ত্রী রুমানা আকতারের পিত্রালয় বরগুনার তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
২৫তম স্ত্রী শেফালী আকতার তানিয়া জানান, খুলনার রুপসা ঘাট এলাকার ইয়াসিন বেপারি তার পুরনো বিয়ের কথা গোপন রেখে ৫-৬ বছর আগে তাকে বিয়ে করে। বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই তানিয়া জানতে পারেন সে তার স্বামীর ২৫তম স্ত্রী। এরই মধ্যে তার গর্ভে এক কন্যা সন্তানের জন্ম নেয়। স্বামী ইয়াসিন কাজ করার অজুহাতে প্রায়ই এদিক সেদিকে থাকে। পরে সে রাজাপুর সদর উপজেলার মাটিভাঙ্গা এলাকার পুতুল নামের আরেক মেয়েকে বিয়ে করে। বিয়ের কয়েক দিন পর পুতুল ইয়াসিনের সব ঘটনা জানতে পেরে তাকে তালাক দেয়। পরে ২০১৫ সালের মাঝামাঝির দিকে চট্টগ্রামে বসে ইয়াসিন তালতলী উপজেলার গেন্ডামারা এলাকার জয়নাল আকনের কন্যা রুমানাকে বিয়ে করে। রুমানাকে তার স্বামী তুলে না নিয়ে পিত্রালয় রেখে কাজ করার অজুহাতে আবারও চট্টগ্রামে থাকে। সেখানে এক গার্মেন্টকর্মী খুলনার রুপসা এলাকার ফাতেমাকে বিয়ে করে। এসব বিয়ে ছাড়াও ইয়াসিনের ১ম থেকে ২৪তম বিয়ের তালিকা রয়েছে। এসব স্ত্রীর অনেকের গর্ভেই ২/১টি করে সন্তান রয়েছে। এদের এখন আর খোঁজ খবর নেয় না ইয়াসিন। বাদী তানিয়া খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৯শে সেপ্টেম্বর ২০১৬ইং তারিখে যৌতুক নিরোধ আইনে একটি মামলা করলে বিজ্ঞ বিচারক ইয়াসিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলায় পলাতক ইয়াসিনকে ২৭তম স্ত্রী রুমানা আকতারের পিত্রালয় উপজেলার গেন্ডামারা এলাকার জয়নাল আকনের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।


























































