বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘এক কোটি টাকা’র শুটিংয়ে আঁচল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৭

index

পূর্বাশা ডেস্ক:

চিত্রনায়িকা আঁচল নতুন বছরের শুরুতেই অমি বনি কথাচিত্রের ব্যানারে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হন। ছবির নাম ‘এক কোটি টাকা’। বছর শুরুর প্রথমদিন থেকেই সাভারের বিভিন্ন লোকেশনে এ ছবির কাজ শুরু হয়। ছবিটি পরিচালনা করছেন ছটকু আহমেদ। এ ছবিতে আঁচল ডিপজলের বিপরীতে কাজ করছেন। ছবিটিতে দিন-রাত কাজ চলার কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এই চিত্রনায়িকা। গতকাল আঁচল মানবজমিনকে বলেন, এ ছবিটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক মনোযোগী হয়ে কাজ করছি। দিন-রাত টানা কাজ করতে গিয়ে গতকাল থেকেই আমি একটু অসুস্থবোধ করছি। ডাক্তারের কাছেও গিয়েছিলাম। বিশ্রাম শেষে আবারো এ ছবির বাকি কাজ শেষ করতে পারব বলে আশা করছি। গত ৩১শে ডিসেম্বর ডিপজলের ফুলবাড়ীয়ার বাড়িতে ‘এক কোটি টাকা’ ছবির মহরত হয়।

এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শিরিন শিলা, বাপ্পি চৌধুরী, চাঁদসহ অনেকে। উল্লেখ্য, খুলনার খালিশপুরের মেয়ে আঁচল ‘ভুল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর তার অভিনীত ‘বেইলি রোড’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কী প্রেম  দেখাইলা’, ‘ফাঁদ’, ‘আজব প্রেম’, ‘স্বপ্ন যে তুই’, ‘কিস্তিমাত’, ‘গুণ্ডা : দ্য  টেরোরিস্ট’, ‘বোঝে না সে বোঝে না’, ‘হৃদয় দোলানো প্রেম’, ‘আজব প্রেম’ ও ‘এপার ওপার’, ‘সুইটহার্ট’, ‘মেন্টাল’, ‘আড়াল’ প্রভৃতি ছবি মুক্তি পেয়েছে।  চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে আঁচল অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি। হিমেল আশরাফের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে বাপ্পি চৌধুরীকে। এছাড়া তারেক শিকদারের ‘দাগ’ ছবিতে কাজ করছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি