পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
সিরিজের শুরুতে বাংলাদেশের টেস্ট র্যাঙ্কিংয়ে পয়েন্ট ছিল ৬৫। ২-০ ব্যবধানে সিরিজ হারার পর তিন পয়েন্ট হারিয়েছে টাইগাররা। বর্তমানে ৬২ পয়েন্টে নেমে এসেছে বাংলাদেশের পয়েন্ট। ৬২ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে পূর্বের অবস্থান নয় নম্বরেই রয়েছে বাংলাদেশ। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের পয়েন্টের ব্যবধান এখন বেড়ে সাতে দাঁড়িয়েছে।
র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে গেছে কেন উইলিয়ামসনরা। ২-০ তে সিরিজ জিতে তারা টপকে গিয়েছে পাকিস্তানকে। প্রথম টেস্টে স্বাগতিকরা বাংলাদেশকে সাত ও দ্বিতীয় টেস্টে নয় উইকেটে হারায়। এ দুই জয়ে নিউজিল্যান্ডের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৮। ছয় নম্বর থেকে পাঁচে উঠেছে হয়েছে তারা। পাঁচে থাকা পাকিস্তানের চেয়ে এক পয়েন্ট বেশি কিউইদের।
দুই ম্যাচ সিরিজের এক ম্যাচ জিতলেই আইসিসি র্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থান আট নম্বরে চলে আসতো বাংলাদেশ। জয় তো দূরের পথ, বৃষ্টি বিঘ্নিত দুই টেস্টে ড্রও করতে পারেনি বাংলাদেশ। পুরো সফরেই টাইগাররা বন্দি ছিল পরাজয়ের বৃত্তে। তাই সফর শেষে র্যাঙ্কিংয়ে তিন পয়েন্ট হারানো বাংলাদেশের জন্য আরেকটি তিক্ত খবর।
আইসিসি টেস্ট র্যাঙ্কিং :
১। ভারত- ১২০ রেটিং পয়েন্ট
২। অস্ট্রেলিয়া- ১০৯ রেটিং পয়েন্ট
৩। দক্ষিণ আফ্রিকা- ১০৭ রেটিং পয়েন্ট
৪। ইংল্যান্ড- ১০১ রেটিং পয়েন্ট
৫। নিউজিল্যান্ড- ৯৮ রেটিং পয়েন্ট
৬। পাকিস্তান- ৯৭ রেটিং পয়েন্ট
৭। শ্রীলঙ্কা- ৯২ রেটিং পয়েন্ট
৮। ওয়েস্ট ইন্ডিজ- ৬৯ রেটিং পয়েন্ট
৯। বাংলাদেশ- ৬২ রেটিং পয়েন্ট
১০। জিম্বাবুয়ে- ৫ রেটিং পয়েন্ট

























































