সরকারের প্রচলিত আইনের প্রতি কোনো ধরনের তোয়াক্কা না করে শাহ্ আরফিন টিলা ও সংলগ্ন মতিয়া টিলা কেটে উজাড় করে দিয়েছে একটি পাথরখেকো চক্র। এতে টিলা ধসে মৃত্যুর ঝুঁকি ক্রমশ বাড়ছে। মারা যাচ্ছেন কেবল শ্রমিক। বছরের পর বছর ধরে প্রাণহানির ঘটনা ঘটার পরও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি এখানে উপেক্ষিত থেকে গেছে।
বিগত চার বছরে এখানে মারা গেছেন ১৭ জন শ্রমিক। শ্রমিকদের এমন মৃত্যু মানা যায় না। তবে এখানে এমন মৃত্যুই যেন স্বাভাবিক ঘটনা।
দুর্ঘটনায় নিহত কিংবা হতাহতদের মিলছে না কোনো ক্ষতিপূরণ। নিরীহ শ্রমিকদের নামমাত্র কিছু ক্ষতিপূরণ দিয়েই যেন দায় সারছে কর্তৃপক্ষ।
তবে এবার নিহত শ্রমিকের সংখ্যা নিয়ে ধুম্রজাল সৃষ্টির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের গঠিত দুটি তদন্ত কমিটির সদস্যরা মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পৃথক কমিটির সদস্যরা গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করেছেন।
তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রমিক মৃত্যুর ঘটনায় অবৈধভাবে পাথর উত্তোলনকারী আঞ্জু মিয়াসহ জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা রুজুর নির্দেশ দেন। ঘটনার পর থেকে আঞ্জু মিয়া ও তার সহযোগীরা পলাতক রয়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু শাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলামের নেতৃত্বে তিন জনের একটি প্রশাসনিক তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় তারা ওই এলাকায় পাথর তোলার কাজে ব্যবহৃত ১২টি বোমা ও শ্যালো মেশিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেন। অভিযানকালে জিয়াউল হক নামে এক পাথর শ্রমিককে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে সরিয়ে ফেলা নিহত শ্রমিকদের নাম-পরিচয় এবং কোথায় রাখা হয়েছে ওই মরদেহগুলো।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, গত সোমবার ভোর ৭টার দিকে আকস্মিক টিলা ধসে মাটি চাপা পড়েন ৬ শ্রমিক। এসময় অন্য শ্রমিকেরা ও আশপাশের লোকজন ২ জনকে মৃত ও ৪ জনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে ওই ৪ জন মারা যান।
নিহতরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আসিফ ও তাহের এবং সুনামগঞ্জ জেলার আল আমিন, আল হাদিস, কাদির ও খোকন। কিন্তু ময়নাতদন্ত হয় ২টি মরদেহের। জানা গেছে এভাবে প্রতি বছর ৪-৫ জন করে শ্রমিক মারা যাচ্ছেন টিলা ধসে।
অনুসন্ধানে জানা যায়, ঝুঁকি নিয়ে পাথর তুলতে গিয়ে গত কয়েক বছরে বহু শ্রমিক মারা গেছেন এবং পঙ্গু হয়েছেন অনেকে। গত বছরের ৩ ডিসেম্বর মারা যান সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর গ্রামের লুৎফুর রহমান।
২০১৫ সালের ১৫ নভেম্বরে টিলা ধসে আনোয়ার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার এক সপ্তাহ পর ২২ নভেম্বর টিলা ধসে মারা যান ৫ শ্রমিক। তবে এ ঘটনায় দুজনের পরিচয় পাওয়া যায়। এরা হলেন, উপজেলার ছনবাড়ি গ্রামের জালাল উদ্দিন (৩৫) ও ভাগারপাড় গ্রামের চুনু মিয়া (৩৫)।
নিহত অন্য তিনজনের পরিচয় না মিললেও তাদের বাড়ি সিলেটের বাইরে বলে জানা গেছে। এখানেও আইনি ঝামেলা এড়াতে তাদের মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দেয়া হয়। ২০১৬ সালের ২৪ নভেম্বর টিলা ধসে ৪ শ্রমিক গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, প্রায় চার বছর আগে টিলা ধসে মারা যান উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামের ওয়াহাব আলীর ছেলে আব্দুল কাদির (২৫), দক্ষিণ সুরমা উপজেলার বেতুয়ারমুখ গ্রামের জিতু মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৩০) ও কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার গজারিয়া গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে আলাল হোসেন (৩২)।
এর কিছুদিন পর টিলা ধসে প্রাণ হারান জালিয়ারপারের মৃত আব্দুল মন্নাফের ছেলে আব্দুল হাই (৬০)। ২০১৪ সালে মারা যান বৈশাকান্দি বাহাদুরপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আব্দুল কালাম (৩৮)।
জানা গেছে, আইনি ঝামেলা এড়াতে শ্রমিক হতাহতের ঘটনাগুলো ধামাচাপা দেয়া হয়। গর্তের মালিকরা ঝামেলা এড়াতে পুলিশকে না জানিয়ে রাতের আঁধারে মরদেহ নিয়ে যান। এতে অকালেই ঝরে যাচ্ছে তাজা প্রাণ। এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে নেয়া হয় না কোনো ব্যবস্থা।
অভিযোগ রয়েছে, ঘটনার পর পুলিশকে ম্যানেজ করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়। এমনকি অনেক সময় পুলিশকে না জানিয়েই মরদেহ বুঝিয়ে দেয়া হয় স্বজনদের কাছে। স্বাভাবিক মৃত্যু হয়েছে প্রচার করে মরদেহটি মাটিচাপা দেয়া হয় কিংবা দাহ করা হয়।
এতকিছুর পরও থেমে নেই টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলনের ঝুঁকিপূর্ণ এ পদ্ধতি। এসব মৃত্যুর জন্য হয় না কোনো মামলাও। সমঝোতাসহ টাকার বিনিময়ে মাটি চাপায় মৃতের ঘটনাগুলো ধামাচাপা দেয়া হয়ে থাকে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে, পুলিশ বলছে কেউ অভিযোগ করে না, অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হতো। আর শ্রমিকরা বলছেন, পুলিশকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়া হয় না।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম জানান, বছরে ঠিক কতজন শ্রমিক মারা যান সেই তথ্য জানা নেই। এসব বিষয়ে পুলিশ কোনো আপস করে না। অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্রঃ জাগো নিউজ























































