শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্লাস চালুর দাবিতে কুবির প্রশাসনিক ভবনে তালা, ভিসি অবরুদ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৭

Comilla University PIC(Movement) 25.1 (1)
স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ক্লাস চালুর দাবিতে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ফলে কুবি ভিসি ড. মোঃ আলী আশরাফ অবরুদ্ধ রয়েছেন ।
বুধবার (২৫ জানুয়ারী) বেলা ১১ টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় সাধারণ শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আইনুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষকদের ছয় দফা দাবির প্রেক্ষিতে চতুর্থ দিনের মত লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত আছে।
এদিকে ক্লাসে ফেরার দাবিসহ ১১ দফা নিয়ে মাঠে নামে সাধারণ শিক্ষার্থীরা। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ তারা প্রশাসনিক ভবনে তালা দেয়। ক্লাসে ফেরার দাবিতে শিক্ষার্থীরা গত তিন দিন ধরে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি গভীর রাতে দুই শিক্ষকের বাসায় হামলার দ্রুত রহস্য উদঘাটন করে দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা, শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত ডিন এম এম শরীফুল করীমকে তদন্ত চলাকালীন সময়ে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া, শিক্ষক লাঞ্ছনায় গঠিত তদন্ত কমিটিতে শিক্ষকদের প্রতিনিধি শিক্ষক সমিতির সভাপতিকে অর্ন্তভুক্তকরণ, বিভিন্ন ঘটনায় বিতর্কিত নব নিযুক্ত প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে সকল ধরনের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেওয়া, উপাচার্যের উপস্থিতিতে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের উপর হামলাকারী অধ্যাপক ড. সৈয়দুর রহমানকে আইকিউএসি থেকে অপসারণ ও উক্ত ঘটনার বিচার করা এবং ১ আগস্ট ঘটে যাওয়া খালেদ সাইফুল্লাহ হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা। এ ৬ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা।
যার ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি