সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রতিদিন সকালে বিক্রি হন নুরুন্নাহাররা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৭

Nari-1320170124110110
পূর্বাশা ডেস্ক:

নুরুন্নাহার বেগম। বয়স আনুমানিক ৫০ বছর। বাসা কামরাঙ্গীরচরে। প্রতিদিন কাক ডাকা ভোরে বাসা থেকে পায়ে হেঁটে আজিমপুর বাস ষ্ট্যান্ডের অদূরে আজিমপুর ষ্টাফ কোয়ার্টারের বিপরীত দিকের রাস্তার ফুটপাতে আসেন।

পাতলা একটা চাদর গায়ে দিয়ে শীতে জবুথবু হয়ে কাঁপছেন আর এদিক সেদিক তাকিয়ে কাকে যেন খুঁজছেন। কিছুক্ষণ পর মধ্যবয়সী এক মহিলা এসে জোরে হাঁক দিতেই নুরুন্নাহার নড়েচড়ে বসেন।

ওই মহিলা জানান, আজ লালবাগে কাজে যেতে হবে। যে মহিলা হাঁক দিয়ে ডাকছিলেন তার হাত থেকে হাতুড়ি টাইপের একটা কিছু নিয়ে নুরুন্নাহার উঠে দাঁড়ালেন।

আজিমপুরে প্রতিদিন সকালে এভাবেই নুরুন্নাহারের মতো অসংখ্য নারী শ্রমিকের হাট বসে। একজন নারী ঠিকাদারের মাধ্যমে তাদের শ্রম প্রতিদিন বিক্রি হয়।

কাক ডাকা ভোরে বিত্তবানরা যখন লেপ কিংবা কাঁথা মুড়ি দিয়ে শীতের ভোরটা উপভোগ করেন তখন নুরুন্নাহাররা আশপাশের এলাকা থেকে ছুটে আসেন আজিমপুরের এই শ্রম হাটে। শুধু হাটে এলেই কাজ জোটেনা। একজন সর্দার টাইপের মহিলা কাজ পাইয়ে দেয়ার বিনিময়ে মজুরির ওপর তাদের কাছ থেকে কমিশন নেন। এ ধরনের চুক্তির মাধ্যমেই কাজ জোটে তাদের।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নুরুন্নাহার বলেন, তারা দৈনিক ৪শ থেকে ৫শ’ টাকার চুক্তিতে নির্মাণাধীন ভবনে ছাদ পেটানোর কাজ করেন। তারা সরাসরি কাজ পাননা বা পেলেও করতে পারেন না।
একজন মহিলা সর্দার ঠিকাদার ভবন মালিকের সঙ্গে চুক্তি করে। এরপর তাদের ছাদ পেটানোর সরঞ্জাম দেয়া হয়। বিনিময়ে ওই মহিলা ঠিকাদারকে নির্দিষ্ট অঙ্কের টাকা কমিশন দেয় নারী শ্রমিকরা।

৬০ বছরের  সালেহা বেগম নামের আরেকজন নারী শ্রমিক জানান, দুবেলা দু মুঠো খেয়ে পরে বাঁচতে তাদের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রমের এ কাজ করতে হয়। সব দিন কাজ জোটেনা।

তিনি জানান, এ হাটে বয়স্কদের চাহিদা নেই। বয়স বেশি হলে কাজ করতে পারেনা, এ কারণে অপেক্ষাকৃত কম বয়সীদের সবাই কাজে নিতে চায় বলে মন্তব্য করেন তিনি।

সূত্রঃ জাগো নিউজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি