রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ভিলেন হতে চাই’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৭

 

278331_1নাটক-সিনেমায় নায়ক হতে চান এমন তরুণের আকাল নেই। এই আশা নিয়েই প্রায় সবাই বিনোদনজগতে আসেন। ব্যতিক্রমী একজনকে পাওয়া গেলো। তিনি নায়ক হতে আসেননি। খল চরিত্র দিয়েই পর্দা মাতাতে চান।

এই অভিনয়শিল্পী জয়রাজ।কেন নেতিবাচক চরিত্র করতে চান? শোনা যাক তার ভাষ্যে, ‘বানিজ্যিক চলচ্চিত্রগুলোতে আমি খল চরিত্রেই অভিনয় করতে চাই। এখানে তো নায়ক, নায়িকা আর ভিলেন- এই তিনটি মুখ্য চরিত্র থাকে। তাই ভিলেন হিসেবেই আমি কাজ করে যেতে চাই। তবে অন্যান্য অবাণিজ্যিক ছবিগুলোতে যেকোনো চরিত্রেই অভিনয় করবো।’

জয়রাজ ছোটপর্দার একজন জনপ্রিয় মুখ। দুই যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন মঞ্চ, নাটক, সিনেমা ও রেডিওতে। কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রেও। সম্প্রতি তিনি নির্মাতা ইমরান মিঠুর নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে শাহীন সুমনের পাগলের মতো ভালোবাসি, মাসুম আজিজের সনাতন গল্প।

সিনেমায় নিয়মিত হবেন কিনা এমন প্রশ্নের জবাবে ঢাকাটাইমসকে জয়রাজ বলেন, ‘সব সেক্টরেই কাজ করেছি। সিনেমা টিভি মঞ্চ, রেডিও, বিজ্ঞাপন সবখানেই। আমি যেহেতু একজন অভিনয়শিল্পী তাই অভিনয় করেই যেতে চাই। তবে সিনেমায় আমি খল অভিনেতা হিসেবে কাজ করতে আগ্রহী।’

জয়রাজের বাণিজ্যিক চলচ্চিত্রগুলোর মধ্যে আছে আয়না, মহুয়া সুন্দরী, পাগলের মতো ভালোবাসি, সনাতন গল্প। এগুলোয় তিনি খল চরিত্র করেছেন।

জয়রাজ এখন পোস্ট গ্রাজুয়েট ধারাবাহিক নাটকে কাজ করছেন। নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। তার প্রচারিত ধারাবাহিক নাটকগুলো হচ্ছে- ঝামেলা আনলিমিটেড, গ্যাড়াকলে মীরাক্কেল, বিউটি কুইন ও সানফ্লা্ওয়ার। তিনি বেশকিছু খণ্ড নাটকও করেছেন। এ নিয়ে তিনি কিছুটা আক্ষেপ প্রকাশ করলেন। তিনি বলেন, ‘এখন তো এক ঘণ্টার নাটক তেমন হয় না। শুধু বিশেষ দিবস সামনে রেখে কিছু নাটক হয়। তাই এখন ধারাবাহিক নাটকেই বেশি কাজ করছি।’

ঢাকাটাইমস

প্রতি মুহুর্তের খবর পেতে এখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি