শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুবিতে শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছিত, উপাচার্য বরাবর লিখিত অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৭

Comilla_University_pic_daily-sun

তানভীর সাবিক, কুবি ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) শিক্ষার্থী দ্বারা এক শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো: নাহিদুল ইসলাম ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী বায়েজীদ ইসলাম গল্প কর্তৃক এ লাঞ্ছনার শিকার হন।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ৯ টায় ঐ শিক্ষার্থী দ্বারা শিক্ষক লাঞ্ছনার বিষয়ে অবহিত করে ও অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ জানান ভুক্তভোগী ঐ শিক্ষক।
আবেদন পত্রে উল্লেখ করা হয় যে, ভুক্তভোগী শিক্ষক বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) বিকাল ৫টার নির্ধারিত শিক্ষক বাসে শহরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আন্দোলনরত কতিপয় শিক্ষাথী বাসটি বিশ্ববিদ্যালয়ের মূল গেটে আটকিয়ে দেয়। তারপর নাহিদুল ইসলাম বাস থেকে নেমে ৫ টা ৩৫ মিনিটে তার আবাসস্থল ডরমেটরীতে স্বস্ত্রীক যাওয়ার পথে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বায়েজীদ ইসলাম গল্পসহ আরো ৫ থেকে ৭ জন পথ আটকিয়ে যেতে বাধা প্রদান করে। তারপর নাহিদকে উদ্দেশ্য করে বলে যে,“আপনারা অবরুদ্ধ, ঢাকায় যেয়ে বসে থাকেন কোন সমাধান দেননা ক্লাস পরীক্ষা নেন না। আপনারাই শিক্ষক সমিতি নির্বাচিত করেছেন দায় আপনাদের। ঘাড় ত্যাড়া শিক্ষক, এগুলো সবগুলারে পিটাইলে ঠিক হবে”। তার সহধর্মীনির সামনে ছাত্র কর্তৃক এই অসদাচরণে তিনি অপমানিত, গভীরভাবে মর্মাহত এবং মানসিকভাবে বিপর্যস্ত এবং এই অবস্থায় তিনি নিজ কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও আবেদন পত্রে উল্লেখ করা হয়।
অভিযুক্ত শিক্ষার্থী বায়েজীদ ইসলাম গল্প জানান,“আমি স্যারকে মারার কথা বলি নাই, বলছি আপনারা অবরুদ্ধ আপনারা যেতে পারবেন না। সমাধান দিয়ে যেতে হবে”।
উল্লেখ্য, গভীর রাতে শিক্ষকের বাসায় হামলার রহস্য উৎঘাটন করে দ্রুত দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা, ১আগষ্ট ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত খালিদ সাইফুল্লাহ হত্যাকান্ডের বিচার, শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত এম এম শরীফুল করীমকে সকল পদ থেকে অব্যাহতিসহ ছয় দফা দাবির প্রেক্ষিতে গত এক সপ্তাহ ধরে টানা আন্দোলন করে আসছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এদিকে শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা চালু, শিক্ষকের বাসায় হামলার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করা দাবিসহ মোট ১১ দফা দাবিতে আন্দোলন করে আসছেন। ক্লাস-পরীক্ষার দাবিতে বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ও ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর আগে বুধবার দুপুর ১২টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বৃহস্পতিবার বিকাল ৫ টার মধ্যে শিক্ষকদের সাথে আলোচনায় বসে পরে তাদের সিদ্ধান্ত জানাবে বলে শিক্ষার্থীদের জানানো হয়। পরে শিক্ষার্থীরা তালা খুলে দেয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে শিক্ষকদের সিদ্ধান্ত জানতে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। তখন তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। তখনই নাহিদুল ইসলামের সাথে এ ঘটে ঘটনা ।
এ বিষয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানান, সাধারণ শিক্ষার্থীর আন্দোলনের নামে কিছু উশৃঙখল শিক্ষার্থীদের শিক্ষক সমিতির যৌক্তিক দাবীর আন্দোলনকে দমানোর জন্য এক পক্ষ ব্যবহার করছে। আমরাও চাই ক্লাসে ফিরে যেতে কিন্তু উপাচার্য কোন সমাধান দিচ্ছে না। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার শিক্ষক লাঞ্ছনার মতো এমন একটা বড় ঘটনা ঘটলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি