কেউ বানাচ্ছে জেট বিমানের ইঞ্জিন, কেউবা বর্জ্য থেকে বিদ্যুৎ কিংবা রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এক এসির রিমোট দিয়ে ঘরের লাইট, ফ্যান, টিভি চালু বা বন্ধ করার উপায়ও উদ্ভাবন করেছে কেউ কেউ। দুর্গম জায়গায় উদ্ধার কাজ চালাতে বানানো হয়েছে রোবট। ড্রোন বানিয়ে ওড়াতে ব্যাটারি অপেক্ষায় রয়েছে কেউ।
এমনসব চমকপ্রদ উদ্ভাবন দেখা গেল রাজধানীর ইউনাইটেড উইনভার্সিটি প্রাঙ্গনের ‘স্পেস অ্যাপস নেক্সট জেন’ প্রতিযোগিতার শেষ দিবসে। শুক্রবার (২৭ জানুয়ার) থেকে শুরু হওয়া ৩৬ ঘণ্টার এই হ্যাকাথন প্রতিযোগিতায় লড়ছে সারাদেশ থেকে আসা ৩৫টি দল। ২য় দিন শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে শুরু হবে বিচারিক প্রক্রিয়া। বিকাল তিনটায় প্রকল্প মূল্যায়নের মাধ্যমে নির্বাচন করা হবে সেরা স্পেস অ্যাপ ক্ষুদে বিজ্ঞানীদের। এমনটাই জানালেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা ও হ্যাকাথন আয়োজক কমিটির আহ্বায়ক আরিফুল হাসান অপু।
তিনি জানান, প্রতিযোগিতায় অংশ নেয়া ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রযুক্তিক জ্ঞান দেখে কেবল দর্শনার্থীরাই নন বিচারকরাও মুগ্ধতা প্রকাশ করছেন। প্রকল্প পরিদর্শন শেষে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মনে করছেন, ২০৩৩ সালে মঙ্গল গ্রহে যে মহাকাশচারীরা যাবে তাদের মধ্যে অন্তত একজন বাংলাদেশ থেকে থাকবে।
এর কারণ হিসেবে জানতে চাইলে স্কলাস্টিকার শিক্ষার্থী জারার মাধ্যমে এই স্বপ্নের কথা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। জারা বেশ দারুণ একটি প্রকল্প নিয়ে হাজির হয়েছে সেখানে।
জানা গেছে, প্রতিযোগিতায় বিজয়ী প্রথম থেকে চতুর্থস্থান অধিকারী প্রতিটি দল অর্জন করবে ৫ লাখ টাকার পুরস্কার। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দলের উদ্ভাবন পেতে পারে আইসিটি বিভাগের ইনোভেশন প্রকল্পের অনুদান।

























































