শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’র কার্যক্রম শুরু


কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’র কার্যক্রম শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৭

নিজস্ব প্রতিবেদক ঃ
দলীয় কর্মীদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কুমিল্লা মহানগর, জেলা ও উপজেলায় রাজনৈতিক কার্যক্রম শুরু করলো ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লা প্রেসক্লাব অডিটোরিয়ামে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কুমিল্লার বিভিন্ন উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন এনডিএম নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় এনডিএম এর লক্ষ্য-উদ্দেশ্য এবং মূলনীতি সম্পর্কে মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে কর্মীদের বিশদ ধারণা দেন এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারী মোমিনুল আমিন।
সভায় বক্তব্য দেন এনডিএম কেন্দ্রীয় নেতা এস কে সিয়াম আলী, গণতান্ত্রিক ছাত্র আন্দোলন নেতা ইসমাইল হোসেন, মাসুদ রানা জুয়েল, স্থানীয় নেতা হাজী নূরে আলম ভূঁইয়া, সাংবাদিক বেলাল হোসেন, শহীদুল ইসলাম প্রমুখ।
সভায় এনডিএম নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ, স্বাধীনতার চেতনা ও জবাবদিহিতামুলক গণতন্ত্রের জন্য এনডিএম প্রতিষ্ঠা করেছেন তারুণ্যের অহংকার জননেতা ববি হাজ্জাজ। তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকলের জন্য শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টিই হবে এই দলের মূল উদ্দেশ্য।


নেতৃবৃন্দ আরো বলেন, এনডিএম রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি দমন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা ব্যবস্থা সৃষ্টি, ধর্মীয় মূল্যবোধের সুরক্ষা, নাগরিকদের মর্যাদা, গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত করা হবে। যা বর্তমান শাসন ব্যবস্থায় কল্পনাও করা যায় না।
সভা শেষে কুমিল্লার বিভিন্ন উপজেলায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব আন্দোলন ও ভ্রাতৃপ্রতীম সংগঠন গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কমিটির ঘোষণা দেয়া হয়।
কুমিল্লার তিতাস উপজেলায় এনডিএম-এর আহ্বায়ক হাজী নূরে আলম ,নাঙ্গলকোট উপজেলায় এনডিএম-এর আহ্বায়ক হিসেবে আলী হোসেন, চৌদ্দগ্রাম উপজেলায় এনডিএম এর আহ্বায়ক হাসান মোহাম্মদ জহির ও সদস্য সচিব জহিরুল কাইয়ুম ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়। গণতান্ত্রিক যুব আন্দোলনের নাঙ্গলকোট উপজেলার আহ্বায়ক শহীদুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক সাংবাদিক বেলাল হোসেন ও সদস্য সচিব প্রভাষক মাসুদুর রহমান, হোমনা উপেজলায় ইমরুল হোসেন, তিতাস উপজেলা আহ্বায়ক দেলোয়ার হোসেন ডালিম ও সদস্য সচিব মো. ইউসূফ সরকারকে মনোনীত করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি