সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়লেন ফেদেরার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

টেনিসের সর্বকালের সেরা খেলোয়াড়দের অন্যতম রজার ফেডেরার সাড়ে পঁয়ত্রিশ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গলস খেতাব জিতে নতুন ইতিহাস তৈরি করেছেন।

মেলবোর্নে রবিবার এক রুদ্ধশ্বাস ফাইনালে পাঁচ সেটের লড়াইতে তিনি চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ ফলে পরাজিত করেন।

মেলবোর্নের রড লেভার এরিনাতে ফেডেরারের এই বিজয় ছিল তার কেরিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম সিঙ্গলস খেতাব।

রজার ফেডেরার ও রাফায়েল নাদালের প্রতিদ্বন্দ্বিতাকে টেনিসের ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর অন্যতম বলে ধরা হয়।

কোনও কোনও টেনিস পন্ডিত মনে করেন এদের দুজনের প্রতিদ্বন্দ্বিতাই সর্বকালের সেরা। অন্তত টেনিসের ওপেন এরা বা আধুনিক যুগে তো বটেই।

টেনিসের এই দুই দিকপালের কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে প্রথমবার দেখা হয়েছিল আজ থেকে এগারো বছর আগে।

আজকের আগে রাফায়েল নাদালও ১৪টি গ্র্যান্ড স্লাম সিঙ্গলস খেতাব জিতেছেন, তবে সেই সংখ্যাটা তিনি আপাতত ১৫তে নিয়ে যেতে পারলেন না।

যদি নাদাল এদিনের ফাইনালে জিততেন, তাহলে টেনিসের আধুনিক যুগে তিনিই হতেন প্রথম খেলোয়াড় – যিনি চারটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের প্রতিটিই অন্তত একাধিকবার জিতেছেন।

ছবির কপিরাইট Michael Dodge
Image caption রুদ্ধশ্বাস ফাইনালের পর বিজয়ী ফেডেরারকে নাদালের অভিনন্দন

গত বেশ কিছুদিন ধরেই অবশ্য চোট-আঘাতের সমস্যা রাফায়েল নাদালকে ভোগাচ্ছিল।

বিশেষ করে কব্জিতে আঘাতের কারণে তিনি গত বছরের উইম্বলডনও খেলতে পারেননি।

তিনি শেষ কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন ২০১৪ সালে।

অন্য দিকে রজার ফেডেরার এদিনের আগে তার শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জিতেছিলেন প্রায় পাঁচ বছর আগে, ২০১২র উইম্বলডনে।

এর পর তিনি আরও অন্তত তিনবার গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন – কিন্তু কোনওবারই ফাইনাল ম্যাচ জিততে পারেননি।

২০১৬তে ছমাসেরও বেশি সময় আঘাতের কারণে কোর্টের বাইরে ছিলেন রজার ফেডেরার।

নতুন বছরে তিনি দারুণভাবে সার্কিটে ফিরে এলেন, আর ৩৫ বছর ১৭৪ দিন বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতে টেনিসের ইতিহাসে একটি অবিস্মরণীয় মাইলফলক রচনা করে গেলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি