
ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
১৩ মাস ধরে কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। এই শূন্য পদে উপ-নির্বাচন নিয়ে এখন বেশ ধোয়াশা চলছে। এর ফলে বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
২০১৫ সালের ৭ ফেব্রুয়ারী কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রউফ পরলোকগমন করেন। এরপর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল ।
যদিও কোন কারনে কোন পদ শূন্য হলে ৩ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রহস্যময় কারনে ১৩ মাস পরও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন করার বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের একাধিক সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান ইন্তেকাল করার পর থেকেই বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। অনেক কাজে স্থবিরতা এসেছে। চেয়ারম্যান পদ শূন্য হওয়ার পর ১৩ মাস অতিবাহিত হলেও নির্বাচন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন সিদ্ধান্তে পৌছতে পারছে না।
সূত্রমতে, বিভিন্ন উপজেলা পরিষদের শূন্য পদগুলোতে উপ-নির্বাচন করার জন্য গত বছরের ৫ ডিসেম্বর ঢাকা নির্বাচন কমিশনের সিনিয়র সহকারি সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়।
এ বিষয়ে কুমিল্লা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, নির্বাচন সংক্রান্ত কিছু বিধিমালা সংশোধনের কাজ চলছে । এরপর এ শূন্যপদে নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

















































