দোলাচলে প্রকৃতি। হঠাৎ ঠাণ্ডা, হঠাৎ গরম। শীত বিদায় নিয়েও যেন বিদায় নিচ্ছে না, গরম আসি আসি করেও আসছে না। এরকম মিশ্র আবহাওয়া বিরাজ করছেন গত কয়েকদিন ধরে। এ মিশ্র আবহাওয়ার কারণেই রাজধানীতে বৃদ্ধি পেয়েছে মৌসুমি জ্বর, সর্দি ও কাশির মত ছোট ছোট রোগ। রাজধানীর হাসপাতাল ও ক্লিনিকে বৃদ্ধি পেয়েছে এমন মৌসুমী জ্বর ও সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা। অনেক রোগীর কাশি আবার রূপ নিচ্ছে শ্বাসকষ্টে। শিশুরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মৌসুমী জ্বর বা সর্দি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রতিবছরই এমন মৌসুমি জ্বরের প্রকোপ দেখা যায়।
রাজধানীর হাসপাতাল ও ক্লিনিক ঘুরে রোগী ও ডাক্তরদের সাথে কথা বলে জানা গেছে এ সব তথ্য।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতালসহ রাজধানীর কয়েকটি হাসপাতালের জরুরি বিভাগে দেখা গেছে মৌসুমি রোগীদের ভিড়। অধিকাংশ রোগীয় প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তবে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্তরাই ভর্তি হচ্ছে হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বাভাবিকের তুলনায় রোগীর চাপ অনেক বেশি। তবে রোগী ভর্তি হচ্ছে কম।
রাহেলা বেগম তার ছোট্ট ছেলে রবিনকে চিকিৎসার জন্য নিয়ে এসেছেন ঢাকা শিশু হাসপাতালে। কথা হয় রাহেলা বেগমের সাথে। তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ‘দুই দিন আগে ছেলেটার হালকা ঠাণ্ডা লেগেছিল। আজকে রাত থেকে বেশ জ্বর এসেছে। ঠিকমতো নিশ্বাসও নিতে পারছে না। তাই হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার ওষুধ লিখে দিয়েছে। ডাক্তাররা বলল, আবহাওয়ার কারণে নাকি এমন হচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মো. দেলোয়ার হোসেন টিটো পরিবর্তন ডটকমকে বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে এরকম মৌসুমী রোগ হয়ে থাকে। এই ধরনের ক্ষেত্রে কোনো ধরনের এন্টিবায়োটিক ব্যবহার না করাই উত্তম। এগুলো ৫ থেকে ৭ দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যায়। তবে যদি শ্বাসকষ্ট হয়ে যায় তাহলে চিকিৎসাটা নেওয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘এ সময় বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হয়। অনেক সময় তাদের নিউমোনিয়া হয়ে যায়। যদি নিউমোনিয়া হয়ে যায় তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে।’
ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ডা. শাফি আহমেদ পরিবর্তন ডটকমকে বলেন, ‘আমাদের হাসপাতালের বহির্বিভাগে আগত সর্দি-কাশি জ্বরে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। তাদের মধ্যে কেউ কেউ চিকিৎসাধীন রয়েছে। গরম ও শীতের মধ্যবর্তী সময়ে প্রতিবছরই সর্দি-কাশি জ্বরে আক্রান্ত রোগীরা হাসপাতালে ভিড় জমায়।’
তিনি আরো বলেন, ‘এ জাতীয় সমস্যা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এসব রোগে আক্রান্ত শিশুদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠে। তবে শিশুদের বিষয়ে মা বাবাকে সচেতন থাকতে হবে। এই সামান্য ঠাণ্ডা বা জ্বর যেন নিউমোনিয়াতে রূপ না নেয়।’























































