পূর্বাশা ডেস্ক:
গত ২০ দিন ধরে আমরা পরিবার পরিজন না খেয়ে আছি। ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করতে পারছি না। পারছি না চিকিৎসা দিতে । ঋণের কিস্তি পরিশোধ করতে পারছি না। তারপরও আমরা শৃংখলার সাথে নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। দয়া করে আমাদের দাবি মেনে নিন।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে হকার্স ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ থেকে এসব কথা বললেন নেতৃবৃন্দ। এর আগে সকাল সাড়ে ১১টায় পুরানা পল্টন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে দৈনিক বাংলা-মতিঝিল-দিলকুশা-বায়তুল মোকাররম-জিরো পয়েন্ট দিয়ে প্রেসক্লাবে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, পুনর্বাসন না করে মেয়রের হকার উচ্ছেদ অবৈধ ও বেআইনি। ফুটপাতে জনগণের জন্য ৫০% এবং হকারদের জন্য ৫০% জায়গা ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমান সমস্যার সমাধান করতে হবে। তারা জানান, তাদের দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পুরানা পল্টন মোড় থেকে মিছিল প্রেসক্লাবের সামনে সমাবেশ করে পরিকল্পনা মন্ত্রণালয় ঘেরাও করবে এবং স্মারকলিপি প্রদান করবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আব্দুল হাশেম কবীর। বক্তব্য রাখেন হকার নেতা সেকেন্দার হায়াৎ, শফিকুর রহমান বাবুল, হযরত আলী, শহিদ খান, মোঃ সাজু, ছোটন মিয়া, গোলাপ, মোঃ হানিফ প্রমুখ।























































