স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় শুক্রবার ভোরে শিউলি আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের পিপড়িয়াকান্দার আবু নাছিরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে উপজেলার কামাল্লা ইউনিয়নের আসানপুর গ্রামের প্রবাসী আউয়াল মিয়ার মেয়ের সাথে পিপড়িয়াকান্দার শহিদ মেম্বারের ছেলে আবু নাছিরের সাথে বিয়ে হয়। তাদের সংসারে এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্বামীর বাড়িতেই শিউলির মৃত্যু হয়েছে বলে জানাগেছে।
শিউলির চাচা আবু হানিফ অভিযোগ করে বলেন, ‘শিউলিকে শশুর বাড়ির লোকেরাই তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। শিউলির ভোরে মৃত্যু হলেও স্বামীর বাড়ীর লোকজন আমাদের খবর দেয়নি। এই গ্রামের এক লোক সকাল ৯টায় আমাদের খবর দেয়। শিউলির নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নাক দিয়ে রক্ত পড়ছে। তিনি আরো বলেন, ‘মামলার প্রস্তুতি চলছে।’
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, এ বিষয়ে আমরা অবহিত নই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


















































